অসুস্থ সাবিত্রী চট্টোপাধ্যায়! সম্প্রতি শোনা যায়, বর্ষীয়ান অভিনেত্রীর অসুস্থতার খবর। স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ে অনুরাগীদের। কিন্তু জানা যায়, ভুয়ো খবর রটেছে। সুস্থ আছেন ৯০ ছুঁই ছুঁই অভিনেত্রী, এমনটাই জানিয়েছেন তাঁর সহকারী।
আচমকাই সাবিত্রী চট্টোপাধ্যায়ের গুরুতর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। চিন্তার ভাঁজ পড়ে অনুরাগীদের কপালে। সকলেই প্রবীণ অভিনেত্রীর স্বাস্থ্যের খোঁজ নেওয়ার চেষ্টা করেন। এদিকে ভুয়ো খবরে রীতিমতো বিরক্ত অভিনেত্রীর প্রিয়জনেরা।
এদিন আজকাল ডট ইন-কে সাবিত্রী চট্টোপাধ্যায়ের সহকারী বলেন, "কোথা থেকে এই সব ভুয়ো খবর রটে। সকাল থেকে ফোন ধরতে ধরতে পাগল হয়ে যাচ্ছি। একটা সুস্থ মানুষকে অসুস্থ বলে খবর করে কী লাভ! উনি সুস্থ আছেন। ওঁকে ভাল থাকতে দিন।"
সিনেজগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। বাংলা সিনেমার স্বর্ণযুগে একের পর এক ছবিতে কাজ করেছেন তিনি। বয়সের ঘড়ি এগোলেও এখনও দাপুটের সঙ্গে অভিনয় করে চলেছেন অভিনত্রী। কিছুদিন আগে তাঁকে স্টার জলসার 'চিরসখা' ধারাবাহিকে দেখা গিয়েছিল।
প্রসঙ্গত, বছর দুই আগে অনেক দিন অসুস্থ ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। বেশ কিছুদিন গৃহবন্দি ছিলেন তিনি। সেসময় স্টার জলসার একটি ধারাবাহিকে অভিনয় করার কথা ছিল তাঁর। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তা আর করা হয়ে ওঠেনি। অবশেষে সুস্থ হয়ে নিজেই কাজে ফেরার সুখবর দিয়েছিলেন। তবে আপাতত তিনি সুস্থ রয়েছেন, এমনটাই পরিবারের তরফে জানা গিয়েছে।
















