জি বাংলার সদ্য শুরু হয়েছে 'সাত পাকে বাঁধা'।গল্পে দেখা যাচ্ছে শুভ এবং শাওনের কথা। শুভ নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে। দাদা, বৌদি, মা, বাবা সহ অনেককে নিয়ে থাকে। তাদের ঘর ছোট ছোট। আর সেই বাড়ির সামনেই এক মস্ত রাজপ্রাসাদ। সেখানে বিলাস, বৈভবের কোনও কমতি নেই। এই বাড়ির মেয়ে শাওন। পোষ্যকে মেয়ের থেকে বেশি ভালবাসে। শাওন বিত্তশালী হলেও, বিলাসবহুল জীবন কাটালেও সেখানে ভালবাসা নেই। সে অনাদরে থাকে। অন্যদিকে শুভ গরীব হলেও ভালবাসার কমতি নেই। শাওনের বাবা শিক্ষামন্ত্রী। আর শুভ তার সেক্রেটারি।
শাওন ও শুভর গল্প নিয়ে ভালই এগোচ্ছে এই ধারাবাহিক। কিন্তু হঠাৎই এল এক পরিবর্তন। এতদিন যে স্লটে সম্প্রচারিত হচ্ছিল ধারাবাহিক, সেই স্লট এবার বদলে গেল। ইতিমধ্যেই এই ধারাবাহিকের নতুন সম্প্রচারের সময় ঘোষণা করেছে চ্যানেল কর্তৃপক্ষ। এই ধারাবাহিক এতদিন বিকেল সাড়ে পাঁচটায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হত, কিন্তু এখন থেকে শুভ ও শাওনের গল্প দেখা যাবে সন্ধে ছটায়।
আগামী ১৩ এপ্রিল থেকে নতুন সময়ে সম্প্রচারিত হবে 'সাত পাকে বাঁধা'। এদিকে, এই ধারাবাহিকের পুরনো স্লটে আসছে 'চিরদিনই তুমি যে আমার'। অন্যদিকে, আর্য-অপুকে যে সময়ে দেখতেন দর্শক অর্থাৎ সাড়ে ছটায়, সেই সময় দেখা যাবে নতুন ধারাবাহিক 'কমলা নিবাস'কে।
একের পর এক সময়ের পরিবর্তন চলছে এখন। টিআরপির দৌড়ে এখন টিকে থাকার লড়াই চলছে। অন্যদিকে, শেষের মুখে জি বাংলার আরও এক ধারাবাহিক 'দাদামণি'। আর ক'দিনের মধ্যেই নাকি শেষ দিনের শুটিংও হয়ে যাবে এই মেগার।
প্রসঙ্গত, 'সাত পাকে বাঁধা' ধারাবাহিকে 'শুভ'র চরিত্রে দেখা যাচ্ছে রাহুল মজুমদারকে। 'শাওন'-এর চরিত্রে অভিনয় করছেন নবাগতা সম্পূর্ণা রক্ষিত। এছাড়াও শাওনের বাবা ও পিসির ভূমিকায় আছেন দেবদূত ঘোষ, চান্দ্রেয়ী ঘোষ। নতুন শুরু হলেও এখন থেকেই রাহুল ও সম্পূর্ণার এই নতুন জুটিকে দারুণ পছন্দ করছেন দর্শক। এবার স্লটের রদবদল টিআরপি তালিকায় কতটা জায়গা করতে পারে এই ধারাবাহিক, এখন সেটাই দেখার।















