বাবা ও পিসির কাছেই বড় হয়েছে সে। মাকে ছোটবেলা থেকেই দেখেনি সে। তাই খুবই অনাদরে বড় হয়েছে। বাবার স্নেহ, ভালবাসা তো দূরের কথা, ভাল ব্যবহারটুকুও পায়নি সে। কথা হচ্ছে জি বাংলার ধারাবাহিক 'সাত পাকে বাঁধা' নিয়ে। শাওন এবার তার মায়ের পরিচয় জানতে পারবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, শাওন ও রাইমা একসঙ্গে পুজোর ঘরে আসে। কিন্তু মেয়েকে পুজোর জায়গায় দেখে রেগে যায় শাওনের বাবা।
এদিকে, তাদের বাড়িতে আসে এক মধ্যবয়স্ক দম্পতি। তারা এসেই নন্দিতার মেয়ের খোঁজ করে। কিন্তু কে এই নন্দিতা? ভাবতে থাকে শাওন। তারপরেই তার বাড়ির লোক শাওনকেই নন্দিতার মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দেয়। মায়ের আসল পরিচয় জানতে পেরে থতমত খেয়ে যায় শাওন। কিন্তু কেন এতদিন নিজের মায়ের নামটুকুও জানত না সে? এর পিছনে কি লুকিয়ে আছে কোনও গোপন ষড়যন্ত্র? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
এই ধারাবাহিক এতদিন বিকেল সাড়ে পাঁচটায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হত, কিন্তু এখন থেকে শুভ ও শাওনের গল্প দেখা যাচ্ছে সন্ধে ছটায়। গত ১৩ এপ্রিল থেকে নতুন সময়ে সম্প্রচারিত হচ্ছে 'সাত পাকে বাঁধা'। এতদিন সন্ধে ছটায় দেখা যেত জেন-জির প্রেমের গল্প 'বেশ করেছি প্রেম করেছি'। কিন্তু মাত্র চার মাসেই শেষ হয়ে গেল সেই ধারাবাহিক। এদিকে, 'সাত পাকে বাঁধা' ধারাবাহিকের পুরনো স্লটে এসেছে ছে 'চিরদিনই তুমি যে আমার'। অন্যদিকে, আর্য-অপুকে যে সময়ে দেখতেন দর্শক অর্থাৎ সাড়ে ছটায়, সেই সময় দেখা যাঐ নতুন ধারাবাহিক 'কমলা নিবাস'কে।
প্রসঙ্গত, 'সাত পাকে বাঁধা' ধারাবাহিকে 'শুভ'র চরিত্রে দেখা যাচ্ছে রাহুল মজুমদারকে। 'শাওন'-এর চরিত্রে অভিনয় করছেন নবাগতা সম্পূর্ণা রক্ষিত। এছাড়াও শাওনের বাবা ও পিসির ভূমিকায় আছেন দেবদূত ঘোষ, চান্দ্রেয়ী ঘোষ। নতুন শুরু হলেও এখন থেকেই রাহুল ও সম্পূর্ণার এই নতুন জুটিকে দারুণ পছন্দ করছেন দর্শক। এবার স্লটের রদবদল টিআরপি তালিকায় কতটা জায়গা করতে পারে এই ধারাবাহিক, এখন সেটাই দেখার।
















