আগামী সোমবার জমজমাট হতে চলেছে। বিকেল সাড়ে পাঁচটা থেকে টানা সন্ধ্যা ৭ টা পর্যন্ত একের পর এক ধারাবাহিকে জমজমাট মোড় দেখানো হবে। 'সাত পাকে বাঁধা' থেকে 'কমলা নিবাস' ধারাবাহিকে ঘটবে কী?
'সাত পাকে বাঁধা' ধারাবাহিকে শাওন খোঁজ পাবে তার মায়ের। জানতে পারবে তার মায়ের বাড়ি কোথায়। মায়ের অজানা অতীত যেই সামনে আসবে সে স্থির করে রুদ্রপুরে তার মায়ের বাড়ি যাবে। এই কথা শুনে খুশি হয় শুভও। তবে তার পিসি ভাইঝির এই পরিকল্পনা শুনে রেগে ওঠে। নিজেই নিজেকে প্রস্তুত দেয় যে এমনটা সে কিছুতেই হতে দেবে না। শেষ পর্যন্ত মায়ের বাড়ি শাওন যেতে পারে কিনা, তার সঙ্গে কী ঘটে সেটাই দেখার। 'সাত পাকে বাঁধা' জি বাংলার পর্দায় রোজ বিকেলে সাড়ে পাঁচটা থেকে দেখা যায়।
অন্যদিকে 'কুসুম' ধারাবাহিকে ইন্দ্রাণীর আয়োজিত গণবিবাহে কুসুম আর আয়ুষ্মান বিয়ে করবে বলে স্থির করে। কেন? তাহলে তাতে পরোক্ষভাবে ইন্দ্রাণীর মত থাকবে। আয়ুষ্মানের এই পরিকল্পনায় কুসুম রাজি হয়। এদিকে তাদের এই বিয়ের খবর পৌঁছয় ইন্দ্রাণীর কানে। সে কি মেনে নেবে? নাকি শেষ পর্যন্ত ভেস্তে যাবে আয়ুষ্মান, কুসুমের বিয়ে? উত্তর আগামী পর্বে পাওয়া যাবে। ১ জুন সন্ধ্যা ৬ টায় এই টানটান পর্ব দেখানো হবে।
সন্ধ্যা সাড়ে ছয়টার স্লটে সম্প্রচারিত হয় 'কমলা নিবাস'। এই ধারাবাহিকেও আসছে এবার নতুন টুইস্ট। সোমবার এই ধারাবাহিকে দেখানো হবে, মিঠি অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে আসে। রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে হাঁটতে থাকে সে। হোঁচট খেয়ে পড়ে যেতে যায় মিঠি। আর তখনই আদিত্য তাকে ধরে ফেলে। অসহায় মিঠিকে দেখে মায়া হয় আদিত্যর। এদিকে, মিঠিকে বাড়িতে খুঁজে না পেয়ে তার পিসি ও পিসেমশাই যায় পল্লবীদের বাড়িতে। সেখানে গিয়ে তারা পল্লবীকে অপমান করে। জানতে চায়, মিঠি কোথায়? এর মধ্যেই আদিত্যকে মিঠি পল্লবীর নম্বর দিয়ে বলে মামমামের কাছে পৌঁছে দিতে। ছোট্ট মিঠির কথা শুনে আদিত্য ফোন করে পল্লবীকে। জানায়, মিঠি তার কাছে আছে। মিঠির খোঁজ পেয়ে মন শান্ত হয় পল্লবীর। তবে কি সাগরের মৃত্যুর পর এবার মিঠির জন্যই নতুন শুরু করবে পল্লবী? কাছাকাছি আসবে আদিত্য আর সে? উত্তর আগামীতে পাওয়া যাবে।
তবে এই তিন ধারাবাহিকের গল্পে নতুন চমক আসায় সোমবারের এই দেড় ঘণ্টা যে জমজমাট হতে চলেছে সেটা নিঃসন্দেহে বলা যায়।















