ছাপোষা বাঙালি পরিবারের গৃহিনীর চরিত্রে এবার দেখা যাবে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে। রূপাঞ্জনা নিজেই সমাজমাধ্যমে নতুন চরিত্রের ঝলক ভাগ করে নিয়েছেন। দেখা যাচ্ছে, সুতির শাড়ি কপালে কালো টিপ পড়ে একেবারে মধ্যবিত্ত ঘরের সদস্যা রূপাঞ্জনা। এই চরিত্রে কোথায় দেখা যাবে অভিনেত্রীকে? ছোটপর্দায় না বড়পর্দায়?
জানা যাচ্ছে, শঙ্খদীপের পরিচালনায় আসছে এক নতুন বাংলা ছবি। সেখানেই মুখ্য চরিত্রে রূপাঞ্জনা। ছবির নাম যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে। এই ছবির ঘরানা ফ্যামিলি ড্রামা। একটা পরিবার, ও সেই পরিবারের নানা টানাপোড়েন নিয়ে এগোবে ছবির গল্প। রূপাঞ্জনা ছাড়া এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পার্থসারথি চক্রবর্তী, দেবরাজ মুখার্জির মতো অভিনেতারা। এছাড়াও দেখা যাবে বহু নতুন মুখকে।
শঙ্খদীপ এসআরএফটিআই-এর স্টুডেন্ট। এই ছবির মাধ্যমে তিনি ফুটিয়ে তুলবেন এক সামাজিক গল্প। দুর্গাপুজোর প্রেক্ষাপটে এগোবে এই ছবির গল্প। ইতিমধ্যেই রূপাঞ্জনা এই দৃশ্যের শুটিং শুরু করেছেন।
প্রসঙ্গত, ছোটপর্দা থেকে বড়পর্দায় চুটিয়ে কাজ করছেন রূপাঞ্জনা। এমনকী ওটিটিতেও বিভিন্ন চরিত্রে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী। তবে বেশ কিছুদিন ছোটপর্দা থেকে দূরে রূপাঞ্জনা। তাঁকে দর্শক ছোটপর্দায় শেষ দেখেছিলেন সান বাংলার ধারাবাহিক 'পুতুল টিটিপি'তে। সেখানে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও হইচই-এর সিরিজ 'কালরাত্রি'তে নজর কেড়েছিলেন তিনি।
















