বছর ৮ আগে দেশের বিভিন্ন প্রান্তে চলা ছাত্র আন্দোলনকে সমর্থন করে, শিশু শ্রমিকের বিরোধিতা সহ নানা বিষয়ে গান বেঁধেছিলেন রূপম ইসলাম, 'সংহতি জানাই'। আর সেই গানের কলি যেন বর্তমান পরিস্থিতির জন্য একেবারে যথাযথ। 

বিগত মাসখানেকের বেশি সময় ধরে নিটের প্রশ্ন পত্র ফাঁস এবং সেই কারণে একাধিক ছাত্রের মৃত্যুর জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলে যন্তর মন্তরে অবস্থান করছে ককরোচ জনতা পার্টি। এই দলে যোগ দিয়ে একই দাবি তুলে অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক। কিন্তু গত শনিবার তাঁকে জোর করে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ২০ জুলাই ছাত্র এবং সিজেপির সংসদ চলো ডাকে সাড়া দিয়ে বহু মানুষ জমায়েত করেছিলেন। সেই সময় দিল্লি পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে তাঁদের উপর। এই ঘটনার পর একাধিক তরিকা ছাত্র এবং সিজেপির আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। ইতিমধ্যেই অরিজিৎ সিং এক্স হ্যান্ডেলে প্রতিবাদ করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হল রূপম ইসলামের নাম। তবে তিনি কোনও পোস্ট করেননি বা মন্তব্য করেননি। তাহলে? গানে গানে প্রতিবাদ জানালেন। 

বছর আটেক আগে মুক্তি পাওয়া 'সংহতি জানাই' গানটির ক্লিপ পোস্ট করেন এদিন রূপম ইসলাম। গানের সেই অংশে রকস্টারকে গাইতে শোনা যায়, 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়, ওঁরা হাঁটে যুক্তির রাস্তায়/ সেই সড়কে অগাধ বিশ্বাস আমার, তাই সংহতি জানাই।' কেবল ছাত্রদের সমর্থন নয়, একই সঙ্গে প্রশাসনের উদ্দেশ্যে ছিল বার্তা, 'তুমি লেঠেল পাঠালে প্রশাসক, তুমি বশ্যতা চাও বিরোধীর / জেনে নাও সবাই নয় স্তাবক, ওঁরা আগুন নতুন পংক্তির।'

এই গানেই রূপম ইসলাম জানিয়েছেন, 'আমি মানুষের স্বাধীনতা চাই, আছি মানুষের বিপ্লবে তাই, তাই যতদূরে হোক না লড়াই, আমি সংহতি জানাই' এবং, 'ওহে আমার দেশের যুবদল, হও যুদ্ধে যুদ্ধে সবল / চলো রাষ্ট্রের ছোঁবল খেয়ে লড়ার পদ্ধতি বানাই / চলো নতুন প্রশ্ন তুলে দিই, অচলায়তনে আবার ঘা দিই / স্বচ্ছ মনন লড়ুক আজাদীর লড়াই, আমি সংহতি জানাই।'

অনেকেই রূপমের এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'অনেক পুরনো গান, কিন্তু বাস্তবের সঙ্গে একদম মিলে গিয়েছে।' কেউ আবার লেখেন, 'এটা গান নয়, বুলেট। দুর্দান্ত!' তৃতীয় এক ব্যক্তি লেখেন, 'প্রতিবাদের আরেক নাম রূপম ইসলাম।'