টলিউডের এক মেকআপ আর্টিস্টের শ্লীলতাহানি করার অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন স্বরূপ বিশ্বাস। বৃহস্পতিবার যখন তাঁকে তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় ওঠে চোর চোর স্লোগান, ছোঁড়া হয় ডিম। তাঁর গ্রেফতারির পর টলিউডের একাধিক শিল্পী এবার প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন। সমাজমাধ্যমে এবার নিজের অভিজ্ঞতার কথা জানালেন রূপালি রাই ভট্টাচার্য। বললেন স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কথা বলায় তাঁকে কোন জটিলতার মুখে পড়তে হয়েছিল।
এদিন ফেসবুকে রূপালি রাই ভট্টাচার্য তাঁর পোস্টে লেখেন, '২০২১ সালে একটি চ্যানেলের ডিবেটে মুখোমুখি বসে স্বরূপ বিশ্বাস কে তার ফেডারেশন সভাপতি হওয়ার অধিকার এবং যোগ্যতা কে প্রশ্ন করে whistle blow করেছিলাম।' তাঁর আরও সংযোজন, 'তারপর বিভিন্ন শিল্পী পরিচালক প্রযোজক দুর্ব্যবহার একঘরে করে cold shoulder দেখিয়ে কটূক্তি করে গেছেন বছরের পর বছর। অপমান সহ্য করতে করতে গায়ের চামড়া মোটা হয়ে গেছে। কিন্তু আমি স্বরূপ এবং তৎকালীন শাসক দলের নিরবিচ্ছিন্ন বিরোধিতা করে গেছি কখনও কোনও রাজনৈতিক পতাকা ধরে এবং যে কোনো সক্রিয় রাজনৈতিক পতাকা ছেড়েও। আজ তারাই স্বরূপের স্ব রূপ আইনের চোখে প্রকাশিত হওয়ায় প্রকাশ্যেই উল্লসিত। কেয়া বাত।' (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)
এদিন রূপালি রাই ভট্টাচার্যর পোস্টে মন্তব্য করেন অভিনেত্রী সংঘশ্রী সিনহা মিত্র। তিনি লেখেন, 'আমি পোস্ট করেছিলাম বলে আমায় ডেকে পোস্ট ডিলিট করিয়েছিলেন এক স্বনামধন্য ব্যক্তি।' এদিন ঋদ্ধি সেন, শ্রীলেখা মিত্র সহ একাধিক তারকারাই স্বরূপ বিশ্বাসের করা অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলেছেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, স্টুডিওপাড়ায় দুর্নীতির ঘুঘুর বাসা তৈরি করে রেখেছিলেন 'বিশ্বাস ব্রাদার্স', এই অভিযোগে বহু দিন ধরে সরব হয়েছিলেন টলিপাড়ার তারকারা। বাংলায় পালাবদলের পর আরও জোরালোভাবে সোচ্চার হন তাঁরা। সেই আবহে নি:সন্দেহে স্বরূপ বিশ্বাসের গ্রেফতার যে তাৎপর্যপূর্ণ খবর, তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, বুধবার টালিগঞ্জের নবনির্বাচিত বিধায়ক পাপিয়া অধিকারী ভেঙে দেন ফেডারেশন, 'বিশ্বাস ব্রাদার্স'-এর একচ্ছত্র আধিপত্য বন্ধ করার বার্তা দেন। এক ছাতার তলায় টলিউডকে আনার কথা বলেন। তার ঠিক একদিন পরই পুলিশের জালে স্বরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে অভিযোগ, টলিপাড়ায় টেকনিশিয়ানদের থেকে টাকা তুলতেন তিনি। একদিকে যখন মেসি কাণ্ড নিয়ে দাদা অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে সেই পরিস্থিতিতেই এবার একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হল স্বরূপ বিশ্বাসকে।















