ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে আধ্যাত্মিক নেতা তথা মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত বাগেশ্বর বাবার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সরব হলেন অভিনেতা রীতেশ দেশমুখ। নিজের আসন্ন ঐতিহাসিক সিনেমা ‘রাজা শিবাজি’-র মুক্তির ঠিক প্রাক্কালে, তিনি সোশ্যাল মিডিয়ায় এক কড়া বার্তা দিয়ে বুঝিয়ে দিলেন যে মারাঠা বীরের ইতিহাস নিয়ে কোনও বিকৃতি তিনি বরদাস্ত করবেন না। জানিয়ে রাখা ভাল, বিগত কয়েক বছরে এই ধর্মীয় গুরুর রাজনৈতিক অবস্থানও লক্ষ্য করার মতো। হিন্দুত্ববাদী অবস্থান গ্রহণ করেছেন তিনি। নিজেকে ‘হিন্দুরাষ্ট্র যোদ্ধা’ হিসাবেও চিহ্নিত করেছেন।ভারতকে হিন্দু জাতি হিসাবে ঘোষণা করার আহ্বান জানিয়েছিলেন তিনি। হিন্দুদের ধর্মান্তরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েচিলেন।
ছত্রপতি শিবাজি মহারাজ—যাঁর নাম শুনলেই দেশবাসীর হৃদয়ে শ্রদ্ধা আর বীরত্বের আগুন জ্বলে ওঠে, সেই মহান মারাঠা বীরকে নিয়ে করা একটি মন্তব্যকে ঘিরে উত্তাল নেটপাড়া। সম্প্রতি এক জনসভায় বাগেশ্বর বাবা দাবি করেছিলেন যে, বহু যুদ্ধের ক্লান্তিতে শিবাজি মহারাজ তাঁর মুকুট রামদাস স্বামীর চরণে অর্পণ করে বিশ্রাম নিতে চেয়েছিলেন। এই মন্তব্যকে ইতিহাস বিকৃতি এবং শিবাজি মহারাজের মহান উত্তরাধিকারের অপমান হিসেবে দেখছেন অনেকে। এই বিতর্কের আবহে এবার ক্ষোভ উগরে দিলেন অভিনেতা রীতেশ দেশমুখ।
নিজের অফিশিয়াল সোশ্যাল হ্যান্ডেলে রীতেশ মারাঠি ভাষায় এক মর্মস্পর্শী বার্তা দিয়েছেন। শিবভক্ত এবং শিবাজি মহারাজের একজন ভক্ত হিসেবে এই অপপ্রচারকে তিনি ‘অগ্রহণযোগ্য’ ও ‘ক্ষোভজনক’ বলে অভিহিত করেছেন।
कोणीतरी येतो आणि आपल्या आराध्य दैवताबद्दल काहीतरी विकृत बरळतो, एक शिवप्रेमी-शिवभक्त म्हणून हे अमान्य आणि संतापजनक आहे.
— Riteish Deshmukh (@Riteishd)
असले चौकटीत अडकवण्याचे फोल प्रयत्न काळाच्या उदरात गडप होतील. पण सह्याद्रीच्या पर्वतरांगा जशा लाखो वर्ष आधी होत्या तसंच ‘ते’ एकच नाव करोडो वर्ष भविष्यातही राहील.…Tweet by @Riteishd
রীতেশের কথায়, “আমাদের আরাধ্য ব্যক্তিত্বকে নিয়ে কেউ যদি এমন বিকৃত মন্তব্য করে, তবে একজন শিবভক্ত হিসেবে তা মেনে নেওয়া অসম্ভব। ইতিহাসের এই মহান উত্তরাধিকারকে ছোট করার এমন কোনো অপচেষ্টাই সফল হবে না।” তিনি আরও লিখেছেন, “সহ্যাদ্রির পাহাড় যেমন লক্ষ লক্ষ বছর ধরে অবিচল, শিবাজি মহারাজের নামও তেমনি কোটি কোটি বছর ধরে এই দেশের মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে। তিনি কোনও সাধারণ শাসক নন, তিনি ক্ষত্রিয় বংশের মুকুটহীন সম্রাট।”
উল্লেখ্য, আগামী ১ মে অর্থাৎ মহারাষ্ট্র দিবসে রীতেশ দেশমুখের বহু প্রতীক্ষিত ঐতিহাসিক চলচ্চিত্র ‘রাজা শিবাজি’ মুক্তি পেতে চলেছে। এই ছবির পরিচালক, লেখক এবং প্রধান অভিনেতা—তিন ভূমিকাতেই রয়েছেন রীতেশ। শিবাজি মহারাজের শুরুর জীবনের লড়াই এবং স্বরাজ্য প্রতিষ্ঠার স্বপ্নের ওপর ভিত্তি করে তৈরি এই বিশাল বাজেটের সিনেমাটি এখন দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি করেছে। ছবিতে সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, জেনেলিয়া দেশমুখ এবং বোমান ইরানির মতো বড় মাপের তারকাদের দেখা যাবে।
বাগেশ্বর বাবার মন্তব্যের প্রতিবাদ করে রীতেশ যে দৃঢ় অবস্থান নিয়েছেন, তা কেবল তাঁর সিনেমার প্রচারের জন্য নয়, বরং একজন সচেতন নাগরিক এবং শিবাজী মহারাজের অনুরাগী হিসেবে তাঁর দায়বদ্ধতাকেও তুলে ধরেছে। নেটপাড়ায় রীতেশের এই সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছে সাধারণ মানুষ।















