রীতেশ দেশমুখের স্বপ্নের প্রজেক্ট ‘রাজা শিবাজি’ নিয়ে উত্তেজনার পারদ যেন প্রতিদিন চড়ছে। ঐতিহাসিক এই মহাকাব্যে এবার এক বিশাল চমক! সলমন খানের বিশেষ উপস্থিতি বা ক্যামিও নিয়ে দীর্ঘদিনের জল্পনায় এবার শিলমোহর দিলেন খোদ রীতেশ। বিগ বস মারাঠির গ্র্যান্ড ফিনালেতে দাঁড়িয়ে সলমনের এন্ট্রি কনফার্ম করলেন তিনি।

 

ছত্রপতি শিবাজি মহারাজের জীবনী অবলম্বনে নির্মিত ‘রাজা শিবাজি’ যে এ বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি হতে চলেছে, তা আগেই আঁচ করা গিয়েছিল। কিন্তু রীতেশ দেশমুখের পরিচালনায় ও অভিনয়ে এই মহাকাব্যিক ছবিতে এবার যুক্ত হলেন সলমন খান। দীর্ঘদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, সলমন এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। অবশেষে সেই জল্পনা সত্যি হল।

 

‘বিগ বস মারাঠি সিজন ৬’-এর গ্র্যান্ড ফিনালেতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রীতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ এবং অভিষেক বচ্চন। মঞ্চে আলাপচারিতার মাঝেই রীতেশ ঘোষণা করেন, তাঁর ছবিতে ছত্রপতি শিবাজির অন্যতম বিশ্বস্ত যোদ্ধা ‘জীবা মহালা’-র চরিত্রে দেখা যাবে সলমন খানকে। রীতেশের এই ঘোষণার পর উপস্থিত দর্শকদের উল্লাস আর চিৎকারে কেঁপে ওঠে মঞ্চ।

 


ইতিহাসে ‘জীবা মহালা’র নাম স্বর্ণাক্ষরে লেখা। বলা হয়ে থাকে, “জীবা ছিল বলেই শিবাজি বেঁচেছিলেন”। ছত্রপতি শিবাজীর জীবনরক্ষাকারী এই বীর যোদ্ধার চরিত্রটি ঐতিহাসিক গুরুত্বের দিক থেকে অত্যন্ত প্রভাবশালী। শোনা যাচ্ছে, রীতেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের টানেই এই চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন সলমন। এর আগেও ‘লাই ভারী’ বা ‘বেদ’-এর মতো ছবিতে সলমনের ক্যামিও দর্শকদের মন জয় করেছে, এবার এই ঐতিহাসিক মহাকাব্যে তাঁর উপস্থিতি ছবির গুরুত্ব আরও বাড়িয়ে দেবে। তবে এই ছবিতে অভিষেক বচ্চন থাকলেও, নেই ঐশ্বর্য রাই বচ্চন। 

সলমনের ক্যামিওর খবরটি মঞ্চে জানাজানি হতেই সবার চোখ পড়েছিল অভিষেক বচ্চনের দিকে। রীতেশের মুখে নামটা শুনতেই অভিষেকের চোখেমুখে যে উত্তেজনা ধরা পড়েছিল, তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হাসতে হাসতে জোরে জোরে হাততালি দেওয়া শুরু করেন ঐশ্বর্যর স্বামী। এই তারকাখচিত ছবিতে অভিষেক নিজেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

 

?ref_src=twsrc%5Etfw">April 20, 2026

 

 

 


এক নজরে ‘রাজা শিবাজি’
পরিচালনা ও অভিনয়: রীতেশ দেশমুখ।

তারকা সমাবেশ: রীতেশ ও সলমন ছাড়াও ছবিতে রয়েছেন অভিষেক বচ্চন, জেনেলিয়া দেশমুখ, সঞ্জয় দত্ত, মহেশ মাঞ্জরেকর, সচিন খেড়েকর, ভাগ্যশ্রী, ফারদিন খান, জিতেন্দ্র যোশী ও অমোল গুপ্তে।

রিলিজ: মারাঠি ও হিন্দি—দু'ভাষাতেই মুক্তি পাবে ছবিটি। আগামী ১ মে, ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ঐতিহাসিক এপিক।

সলমন খানের মতো তারকাকে ঐতিহাসিক চরিত্রে দেখা পাওয়া দর্শকদের জন্য নিশ্চিতভাবেই এক বাড়তি পাওনা হতে চলেছে। এখন দেখার পালা, রীতেশের পরিচালনায় সলমন তাঁর সেই ‘জীবা মহালা’র ভূমিকায় কতটা জাদু ছড়াতে পারেন।