স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করতেই বিস্ফোরক ঋদ্ধি সেন৷ স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হতেই টলিউডের অনেকেই আনন্দ প্রকাশ করেছেন৷ কিন্তু ঋদ্ধি সেন তাঁদের কটাক্ষ করে লিখেছেন, গুপী ( স্বরূপ বিশ্বাস) ধরা পড়তেই বাঘাদের আনন্দ দেখে মজা লাগছে তাঁর৷ 

স্বরূপ বিশ্বাসকে বছর দুয়েক আগে চিনতেন না বলেও মন্তব্য করেন ঋদ্ধি৷ এমনকি বিগত ১৫ বছর গোঁফ চুরির মিথ্যে অভিযোগে গর্জন করেছেন বলেও অভিযোগ ঋদ্ধি৷ যদিও একা স্বরূপ নন, ঋদ্ধি পরোক্ষে বিষোদগার করেন টলিউডের অন্য অনেকের বিরুদ্ধে৷ রাজনৈতিক সুবিধার জন্য অনেকেই স্বরূপ বিশ্বাসকে সমর্থন করে গিয়েছেন বলেও অভিযোগ করেন ঋদ্ধি৷


নতুন সরকার গঠনের পর টলিউডে একাধিক রদবদলের কথা বলা হয়েছে। টলিউডের কলাকুশলীরা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠিও দিয়েছেন৷ রুদ্রনীল ঘোষ শুভেন্দু অধিকারীর তরফে জানিয়েছেন, সকলে একসঙ্গে কাজ করতে যাতে পারেন এবং টলিউডের হৃত গৌরব ফেরানোই মূল লক্ষ্য৷ 

কিন্তু এসবের পরেও ঋদ্ধি সেনের অভিযোগ,  টলিউডে কাজের পরিবেশ নষ্ট করা এবং ভয় ভীতির পরিবেশ সৃষ্টি করেছিলেন সহকর্মীরাই এবং 'লোভটা একই থাজবে, পাল্টাবে শুধু বিশ্বাস', তাহলে কি নতুন টলিউড গঠনের বিষয় আস্থা রাখতে পারছেন না ঋদ্ধি?

সমাজমাধ্যমে তিনি লিখেছেন, "বিশ্বাস বাবু আজকে গুপী হলেন,হওয়ারই কথা,কিন্তু বাঘাদের আনন্দ দেখে বেশ মজা লাগছে l শিল্পীদের ঘর বন্দি করা থেকে নিজে জেল বন্দি হওয়া অবধি,স্বরূপ বাবুর এই পরিচিতি হারানোর যাত্রা আমার কাছে অন্তত খুবই হাস্যকর কারণ পরিচিতি শব্দটাই তার সাথে বড়োই অপরিচিত,বেমানান l দু বছর আগে অবধি ওনার মুখের আদল কেমন জানতাম না,প্রয়োজন বোধ করিনি জানার,শুধু জানতাম যে সুরুচি সংঘের কার্তিকের গোঁফ অনুকরণ করে নাকের নীচে এক জোড়া গাম্ভীর্য লালন করার কাজ যত্ন নিয়ে করতেন তিনি,আর ঠিক যখন “ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি,বাবু হাঁকেন,"ওরে আমার গোঁফ গিয়েছে চুরি !"
যাকগে,আগেও মনে হতো,এখনো মনে হয়,গোঁফ ছুরি নিয়ে নিত্যদিন হল্লা করেন যিনি তার জন্য সংবাদ মাধ্যমে হোক বা স্বপ্ন মাধ্যমে কোথাওই দুটো শব্দ ব্যয় করা অপ্রয়োজনীয় এবং ক্লান্তিকর,কারণ উনি সত্যি বড়োই অকিঞ্চিৎকর,কিন্তু তা সত্ত্বেও বাংলা চলচ্চিত্র জগতের ছোট,মেজো,সেজো,বড়ো প্রায় সকল সদস্যদের অনায়াসে বিশ্বাস করিয়ে ছেড়েছিলেন যে তার গোঁফ চুরি গেছে সত্যি l কি করে? প্রশ্নগুলো সহজ আর উত্তর হাওয়ায় ভাসমান l বিশ্বাস বাবু আজকে গ্রেফতার হলেন,কিন্তু বিগত ১৫ বছর ধরে গোঁফ চুরি গেছে বলে যে গর্জন তিনি করেছেন এবং সেই গর্জনের সাথে যারা গলা মিলিয়ে দিনের পর দিন থানায় গোঁফ চুরির FIR লেখাতে গেছিলেন তারা কারা? তারাই,যাদের উল্লাস,অসহায়তা আর বিবেক সবকিছুই জাগে রাজনৈতিক সুবিধে বুঝে l 
বিশ্বাস বাবুর ভয় দেখানোর গল্পটা অনেকটা হরর কমেডির মতো,যার ফলাফল বাংলা চলচিত্র জগতের বক্স অফিসে হয়েছিল সুপারহিট,কারণ বছরের পর বছর এই হরর কমেডির সিরিজ বানিয়ে যাওয়ার প্রযোজনার দায়িত্ব নিয়েছিলেন আমাদেরই বহু সহকর্মীরা l তাই এখন যাদের চোখে জল বা মুখে হাসি তারাই অকিঞ্চিৎকর ব্রাদার বিশ্বাসকে ক্ষমতা আর অপরাধের ডানা মেলতে সাহায্য করেছিলেন স্রেফ লোভের প্রেক্ষাগৃহের প্রথম সারির আসনে বসার তাগিদে l লোভটা একই থাকবে,পাল্টাবে শুধু 'বিশ্বাস' l"

[লেখা অপরিবর্তিত]

বৃহস্পতিবার রাতে নিউ আলিপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। জানা গিয়েছে, তোলাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। জানা গিয়েছে, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানিরও অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, টলিপাড়ায় টেকনিশিয়ানদের থেকে টাকা তুলতেন তিনি। শুক্রবার স্বরূপ বিশ্বাসকে আলিপুর আদালতে তোলা হবে।