রাজ্যে সরকার বদল হতেই আরজি কর মামলাতেও এল বড় বদল। বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ সরে দাঁড়াল আরজি কর মামলা থেকে। ফলে এবার এই মামলা চলে গিয়েছে হাইকোর্টে প্রধান বিচারপতির কাছে। ২০২৪ সালের যে ঘটনা তোলপাড় করে দিয়েছিল রাজ্য রাজনীতি, তার মামলায় এই বিরাট বদল প্রসঙ্গে আজকাল ডট ইনের কাছে প্রতিক্রিয়া জানালেন অভিনেতা তথা আরজি কর কাণ্ডের অন্যতম আন্দোলনকারী কিঞ্জল নন্দ। 

কিঞ্জল এদিন বলেন, "বিচারটা যত তাড়াতাড়ি পাব এটাই আশা, আর কিছু নয়। কী বদল হচ্ছে, না হচ্ছে এত বুঝি না, এত জানিও না। অনেকদিন ধরেই অনেক কিছুই দেখছি, অনেক কিছুই শুনছি। কী যে হচ্ছে বোঝা যাচ্ছে না। কিছুই না, শুধু বিচারটা যেন হয়, আসল দোষীরা যেন ধরা পড়ে এটাই চাই। যে কমিশন হোক, এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ যাই হোক শুধু চাই বিচারটা হোক।" 

অভয়ার মা রত্না দেবনাথ এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে পানিহাটি থেকে লড়াই করেছিলেন। এই কেন্দ্র থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনিই। এবার কি তবে কোথাও আশা বাড়ল যে অভয়া তাঁর ন্যায্য বিচার পাবেন? এই বিষয়ে কিঞ্জল নন্দ বলেন, "অবশ্যই, আশা তো আছেই, বিচার হবে। নতুন যে সরকার এসেছে তারা তো বলেছে, সমস্ত ফাইল পুনরায় খোলা হবে। শুধু তো এটা নয়, যে আর্থিক দুর্নীতি শুনেছি স্বাস্থ্য ক্ষেত্রে সেগুলোও যেন সামনে আসে, সেটাই চাইব। মানুষ অনেক আশা নিয়ে নিয়েছে ওঁদের। এইটাই চাই আর কী।" 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, মান্থার ডিভিশন বেঞ্চ থেকে এই মামলা সরে যাওয়ার পর বিচারপতি জানিয়েছেন, আরজিকর মামলার জন্য রাজ্য সরকার সম্ভবত একটি জুডিশিয়াল কমিশন গঠন করেছে। সে কারণে আপাতত এই মামলা শোনার কোনও প্রয়োজন নেই। বিচারপতি মান্থার বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্যের তরফে জুডিশিয়াল কমিশন তৈরি হতে পারে। যে ডিভিশন বেঞ্চ এই মামলায় পর্যাপ্ত সময় দিতে পারবে সেখানেই শুনানি হওয়া উচিত। মঙ্গলবার এই মামলায় সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় আদালতে। এই মামলায় এর আগের শুনানিতে বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, সিবিআই চাইলে নতুন এই মামলায় জিজ্ঞাসাবাদ শুরু করতে পারবে। সেটা সন্দেহভাজন এবং সাজাপ্রাপ্তদেরও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।

উল্লেখ্য, নির্বাচনের ফল ঘোষণার পর বাংলায় এসে আরজিকর কাণ্ডে কমিশন গঠনের ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী নির্বাচনের বৈঠকের পরেই সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছিলেন তিনি। সেদিনই আরজিকর, সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ খোলেন শাহ। জানান, 'আরজিকর এবং সন্দেশখালির ঘটনায় কমিশন তৈরি হবে। শুধু বাংলা নয়, সারা দেশে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করব আমরা।'