ছোটপর্দা থেকে বড়পর্দায় শুধু পরিচিত নয়, অন্যতম জনপ্রিয় মুখ অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ। বহু বছর ধরে চুটিয়ে অভিনয় করছেন তিনি। ঝুলিতে রয়েছে একাধিক মেগা। তবে অভিনয়ের পাশাপাশি তিনি বসেছেন ক্যামেরার পিছনেও। এর আগে পরিচালনা করেছেন স্বল্প দৈর্ঘ্যের ছবি 'কালী কথা কলিকাতা'। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিতও হয়েছে ছবি। ওই ছবিতে মুখ্যভূমিকায় দেখা গিয়েছে রিজওয়ানকেই। বিপরীতে আলেকজান্দ্রা টেলর। এবার রিজওয়ানকে দেখা যেতে চলেছে হিন্দি ওয়েব সিরিজে।‌

জানা যাচ্ছে, ওই সিরিজে একজন প্রভাবশালী ব্যবসায়ীর চরিত্রে দেখা যেতে চলেছে রিজওয়ানকে। তাঁর বিপরীতে দেখা যাবে হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ কৌশিকীকে। পরিচালক হুমায়ুনের তত্বাবধানে ইতিমধ্যেই শুটিং শেষ হয়েছে এই সিরিজের। জানা যাচ্ছে, প্রেম-ড্রামার মিশেলে জমবে গল্প। এই প্রথমবার হিন্দি ওয়েব সিরিজের নায়কের চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতাকে। এখনও পর্যন্ত সিরিজের নাম চূড়ান্ত হয়নি। তবে জানা যাচ্ছে, জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই সিরিজটি।

জানা যাচ্ছে, মুম্বইয়েই চলেছে সিরিজের শুটিং। তাই বেশ কিছুদিন ধরে টিনসেল টাউনেই ছিলেন রিজওয়ান‌। সম্প্রতি, ভোট দিতে কলকাতায় ফিরেছিলেন তিনি। রিজওয়ানের হাতে রয়েছে আরও কয়েকটি সিরিজ। তাই এখন মুম্বইতেই থাকার পরিকল্পনা রয়েছে অভিনেতার। 

এর আগে আজকাল ডট ইন-কে নিজের দ্বিতীয় পরিচালনার পরিকল্পনা নিয়ে জানিয়েছিলেন। স্বল্প দৈর্ঘ্যর ছবি থেকে এবার পূর্ণ দৈর্ঘ্যের ছবি নিয়ে এগোতে চলেছেন তিনি। ইতিমধ্যেই চিত্রনাট্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন রিজওয়ান। আজকাল ডট ইন-কে তিনি বলেছিলেন, "আমি বরাবরই বড্ড প্রেম আর বাস্তবধর্মী ছবির প্রতি নিজের টান অনুভব করি। তাই নিজের দ্বিতীয় পরিচালনায় এমন কিছুই তুলে ধরব বলে ঠিক করেছি।"

রিজওয়ান বলেছিলেন, "এই ছবিতে শুধু প্রেম থাকবে না। সমাজের নানা ছবিও ফুটে উঠবে। দু'জন মানুষের জীবন এক পথে মিলতে গেলে যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ বাধা পেরোতে হয়, সেই গল্পও বলবে এই ছবি‌‌। খুব সাদামাটা, অথচ দর্শকের মনের কাছাকাছি পৌঁছনোর জন্য তৈরি হবে ছবিটি। তবে প্রথমেই বলে রাখি, ফেস্টিভ্যাল ঘেঁষা ছবি বানাচ্ছি মানে কিন্তু এমন নয় যে, সব ধরনের দর্শক জন্য এ ছবি নয়। আমার মতে সব ধরনের রুচিসম্মত দর্শকের ভাল লাগবে আমার আগামী ছবিটি।"