ভারতীয় সঙ্গীতের চিরসবুজ জাদুকর রাহুল দেব বর্মনের জীবন বন্দি হতে চলেছে রুপোলি পর্দায়। এই কালজয়ী সঙ্গীত পরিচালকের বায়োপিক তৈরির গুরুদায়িত্ব নিয়েছেন পরিচালক নীরজ পাণ্ডে। আর সবচেয়ে বড় চমক হল, পর্দায় আর ডি বর্মনের ভূমিকায় দেখা যেতে পারে ফারহান আখতারকে। ইতিমধ্যেই এনিয়ে অভিনেতার সঙ্গে নির্মাতাদের কথাবার্তা চলছে বলে সূত্রের খবর।
বিটাউন সূত্রে জানা গিয়েছে, এই মেগা প্রজেক্টের কাস্টিং নিয়ে আলোচনা শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে, খুব শীঘ্রই আসতে চলেছে অফিশিয়াল ঘোষণা। ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে মিলখা সিং-এর চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন ফারহান আখতার। যে কোনও চরিত্রের গভীরে ঢুকে যাওয়ার অনন্য ক্ষমতা রয়েছে তাঁর। আর ডি বর্মনের মতো এক কিংবদন্তির চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা যে মস্ত বড় চ্যালেঞ্জ, তা ভালই জানেন ফারহান। তাই ইতিমধ্যে তিনি প্রস্তুতি শুরু করে দিয়েছেন!

চিত্রনাট্য চূড়ান্ত হলেই এক দীর্ঘ এবং কঠোর ওয়ার্কশপের মধ্য দিয়ে যেতে হবে ফারহানকে। ‘পঞ্চম দা’র সেই চেনা শরীরী অভিব্যক্তি, কথা বলার সিগনেচার স্টাইল এবং তাঁর অসামান্য সঙ্গীত ভাবনাকে নিখুঁতভাবে রপ্ত করতে কোমর বেঁধে নামছেন অভিনেতা। যেহেতু ফারহান নিজেও একজন গায়ক ও সঙ্গীতপ্রেমী, তাই এই চরিত্রের আবেগটা তিনি সহজেই ধরতে পারবেন বলে আশাবাদী নির্মাতারা।
শোনা যাচ্ছে, ছবির আসল ইউএসপি হতে চলেছে এর সঙ্গীত। সিনেমার টিম ইতিমধ্যেই ‘পঞ্চম দা’র বেশ কিছু সুপারহিট ও কালজয়ী গানের স্বত্ব আইনিভাবে নিজেদের নামে সুরক্ষিত করে ফেলেছে। সত্তরের দশকের সেই চেনা সুর, পাশ্চাত্য ও ভারতীয় ক্লাসিকালের ফিউশন, যা একসময় কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকে, তা নতুনভাবে বড় পর্দায় ম্যাজিক তৈরি করতে আসছে।
এর আগে ভারতের ক্রিকেট আইকন মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ তৈরি করে বক্স অফিসে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ পাণ্ডে। এবার আরও এক জীবনীচিত্রে হাত দিয়েছেন তিনি। এই ছবির হাত ধরে এক দুর্দান্ত পার্টনারশিপ দেখতে পাবেন দর্শকরা। নীরজ পাণ্ডের নিজস্ব প্রযোজনা সংস্থার পাশাপাশি, ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির ব্যানার ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ যৌথভাবে এই ছবির প্রযোজনা করতে চলেছে।
আপাতত পুরোদমে চলছে বির প্রি-প্রোডাকশন এবং চিত্রনাট্য কাজ। বলিউডের গুঞ্জন, ২০২৬ সালের শেষের দিকেই এই ছবির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।















