গ্রাম্য পরিবেশ, কিন্তু চারপাশে যেন রহস্যের গন্ধ। চোখের পলকেই সেখানে নেমে আসে বিপদের কালো ছায়া। এরকমই এক টানটান উত্তেজনাপূর্ণ গল্প নিয়ে আসছেন পরিচালক সৌম্য রায় চৌধুরী। ছবির নাম 'ঘুণ গাঁও'।প্রযোজনায় সিনে ক্রেজি এন্টারটেনমেন্টস।

ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অনিন্দিতা বসু, রণজয় বিষ্ণুকে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শঙ্কর দেবনাথ, রোহিণী চ্যাটার্জি, শুভ বিশ্বাস, সৌম্য মজুমদার ও অন্যান্য। ছবির সঙ্গীত পরিচালনায় টুনাই দেবাশিস গাঙ্গুলি। কণ্ঠে সুনিধি চৌহান, তিমির বিশ্বাস, সায়ন্তনী ঘোষ ও সৃষ্টি রওয়ানি।

গল্পে একটি আপাতদৃষ্টিতে শান্ত গ্রাম, যেখানে প্রতিটি দৃশ্যই যেন এক একটি ধাঁধা। 'ঘুণ গাঁও' এক গা ছমছমে ডার্ক থ্রিলার, যা ধীরে ধীরে ভয়, প্রতারণা এবং চাপা পড়ে থাকা গোপন রহস্যের পর্দা উন্মোচন করে। যখন একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে, তখন প্রতিটি মুখের আড়ালে লুকিয়ে থাকা রহস্য আর প্রতিটি নীরবতা যেন এক বিভীষিকাময় সত্যিকে তুলে ধরে।

 

ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, "ঘুণ গাঁও হল মানুষের ভিতরের সেই অদেখা অন্ধকারের গল্প। যদিও ছবিটা রহস্য ও সাসপেন্সের মোড়কে তৈরি, কিন্তু এর গভীরে রয়েছে ভয়, টিকে থাকার লড়াই, মানুষের অদম্য মানসিক শক্তি এবং সমাজের অন্ধকার দিক। আমি এমন একটি গভীর ও নিবিড় সিনেমাটিক অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছি, যা আগে কখনও দেখা যায়নি।"

প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধছেন রণজয় ও অনিন্দিতা। রণজয়কে এই মুহূর্তে দর্শক দেখছেন স্টার জলসার ধারাবাহিক 'প্রতিজ্ঞা'য় নায়কের চরিত্রে। মেগায় তাঁর চরিত্রের নাম 'অভি'।