তিন পুরুষ ধরে কাপুর পরিবারের রক্তে মিশে আছে ‘রামায়ণ’-এর আবেগ। ২০২৬-এর ২ এপ্রিল যখন নিতেশ তিওয়ারির নতুন ছবিতে রাম রূপে রণবীর কাপুরের প্রথম ঝলক বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে, ঠিক তখনই সামনে এল এক অবিশ্বাস্য সমাপতন। জানেন কি, ভারতীয় সবাক চলচ্চিত্রের ইতিহাসে প্রথম ‘রাম’ হিসেবে পর্দায় দাপিয়ে বেড়িয়েছিলেন রণবীরেরই প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুর!

আগামীকাল অর্থাৎ ২ এপ্রিল, ২০২৬ মুক্তি পেতে চলেছে নিতেশ তিওয়ারির ম্যাগনাম ওপাস ‘রামায়ণ’-এর প্রথম ঝলক। আধুনিক ভারতের বড়পর্দায় রণবীর কাপুরকে ‘রাম’ রূপে দেখার জন্য যখন কোটি কোটি দর্শক চাতক পাখির মতো চেয়ে আছেন, ঠিক তখনই ইতিহাস ফিরে দেখল এক অদ্ভুত ব্যাপার। প্রায় এক শতাব্দী আগে, ১৯৩৪ সালে ভারতীয় সবাক চলচ্চিত্রের প্রথম বড় বাজেটের ‘রামায়ণ’ রূপায়ণেও মুখ্যভূমিকায় ছিলেন এক ‘কাপুর’। তিনি আর কেউ নন, রণবীরের প্রপিতামহ কিংবদন্তি অভিনেতা পৃথ্বীরাজ কাপুর।

১৯৩৪ সালে প্রখ্যাত পরিচালক দেবকী বসু নির্মাণ করেছিলেন ‘সীতা’। বাংলা ও হিন্দি — উভয় ভাষাতেই এই ছবি মুক্তি পায়। সেই সময়ে দাঁড়িয়ে এটিই ছিল প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র যা ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল এবং বিদেশের মাটিতে পুরস্কার জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছিল। মাত্র ২৮ বছর বয়সে সেই ছবিতে রামচন্দ্রের চরিত্রে অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কাপুর। মজার বিষয় হল, সেই ছবিতে লব-এর চরিত্রে অভিনয় করেছিলেন পৃথ্বীরাজের ভাই ত্রিলোক কাপুর। ১৯৩৪ সালের সেই ঐতিহাসিক মুহূর্ত ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক স্বর্ণাক্ষরে লেখা অধ্যায়। পরিচালক দেবকী বসুর ‘সীতা’ কেবল একটি ধর্মীয় সিনেমা ছিল না, বরং এটি ছিল বিশ্বমঞ্চে ভারতীয় সংস্কৃতির এক বলিষ্ঠ পদচিহ্ন।
পৃথ্বীরাজ কাপুরের তিন সুযোগ্য সন্তান রাজ, শাম্মি এবং শশী কাপুর বলিউডের সুপারস্টার হয়ে ওঠেন। সেই রাজ কাপুরেরই নাতি রণবীর আজ ৯২ বছর পর সেই একই চরিত্রে অভিনয় করতে চলেছেন। কাকতালীয়ভাবে, ১৯৩৪ সালের ‘সীতা’ ছবিতে অভিনয় করেছিলেন দুর্গা খোটে, যিনি পরবর্তীকালে ‘মুঘল-এ-আজম’ ছবিতে পৃথ্বীরাজের রানির ভূমিকায় অভিনয় করে ভারতীয় ছবির ইতিহাসে অমর হয়ে আছেন।
২০২৬-এর দীপাবলিতে মুক্তি পেতে চলা এই আধুনিক সংস্করণে রণবীরের সঙ্গে থাকছেন সাই পল্লবী (সীতা), যশ (রাবণ) এবং সানি দেওল (হনুমান)। দুই অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার এবং এ.আর. রহমানের সুরের মূর্ছনায় এই ছবি ভারতীয় সিনেমার নতুন মাইলফলক হতে চলেছে।
পূর্বপুরুষের দেখানো পথ ধরে রণবীর কাপুর কি পারবেন ১৯৩৪ সালের সেই জাদু-মুহূর্ত ফিরিয়ে আনতে? উত্তর পাওয়া যাবে আগামীকাল যখন প্রকাশ্যে আসবে রণবীরের প্রথম রাজকীয় লুক।















