হলিউডের বিখ্যাত স্যান ডিয়েগো কমিক-কন এর আসরে নিজের আসন্ন ছবি 'রামায়ণ' -এর প্রচার করতে গিয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়েছিলেন রণবীর কাপুর। পরিচালক নিতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা এবং সহ-অভিনেতা ইয়াশের সঙ্গে হাজির হয়ে ছবি নিয়ে কথা বলার পাশাপাশি রণবীর স্পষ্ট করে দেন তাঁর পরবর্তী কেরিয়ারের লাইনআপ। দীর্ঘদিন ধরে বলিপাড়ায় চলা 'ধুম ৪' এন্ট্রি নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন অভিনেতা।
ঠিক কী জানিয়েছেন রণবীর কাপুর? 'ধুম ৪' ছবির সঙ্গে তাঁকে যোগ করে তৈরি হওয়া গুঞ্জন উড়িয়ে দেন রণবীর। অভিনেতা জানান, তিনি এই মুহূর্তে কোন কোন প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। রণবীরের স্পষ্ট বক্তব্য, " এই মুহূর্তে আমি 'রামায়ণ' এবং সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় 'লাভ অ্যান্ড ওয়ার' ছবি নিয়ে কাজ করছি।" বনশালির এই বিগ-বাজেট ছবিটি আগামী বছরের জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে তাঁর মুখে বহুল প্রতীক্ষিত 'অ্যানিম্যাল পার্ক' ( বা 'ধুম ৪' ছবির কোনও উল্লেখ ছিল না।
রণবীরের 'ধুম' ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়া নিয়ে কিন্তু বাজারে চর্চা কম হয়নি। খবর, আদিত্য চোপড়া নাকি মনে করতেন এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবির জন্য রণবীরই আদর্শ এবং অভিনেতাও আগ্রহ দেখিয়েছিলেন। তারকা হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম যখন রণবীরের নতুন লুকের ছবি শেয়ার করেন, তখন ভক্তরা ভেবেছিলেন এটি বুঝি 'ধুম ৪'-এর লুক। এমনকি ২০২৫ সালে ভিকি কৌশলেরও এই ছবিতে থাকার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে অফিসিয়ালি এখনও কিছু ঘোষণা করা হয়নি।
প্রসঙ্গত, ২০০৪ সালে শুরু হওয়া এই আইকনিক অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিটি ভারতীয় বক্স অফিসে এক নতুন ট্রেন্ড তৈরি করেছিল।
ধুম (২০০৪): অভিষেক বচ্চন (এসিপি জয় দীক্ষিত), উদয় চোপড়া (আলি) এবং খলনায়ক জন আব্রাহাম (কবীর শর্মা) অভিনীত এই ছবি দারুণ জনপ্রিয় হয়।
ধুম ২ (২০০৬): হৃতিক রোশন ও ঐশ্বর্য রাই বচ্চন যোগ দেওয়ায় ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়।
ধুম ৩ (২০১৩): আমির খান এবং ক্যাটরিনা কইফ অভিনীত এই ছবি শেষ পর্যন্ত মুক্তি পেলেও বক্স অফিসে এবং সমালোচকদের বিচারে প্রত্যাশা পূরণ করতে পারেনি। তারপর থেকেই পরবর্তী কিস্তি নিয়ে জল্পনা চললেও তা এখনও পর্দার রূপ পায়নি।
















