নীতীশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ' নিয়ে দর্শকদের উত্তেজনা, উৎসাহের শেষ নেই। রণবীর কাপুর অভিনীত এই ছবিটি মুক্তি পেতে এখনও বেশ কয়েক মাসের অপেক্ষা। তার আগে এই ম্যাগনাম অপাস নিয়ে কী জানালেন রণবীর? 

'রামায়ণ' ছবিটিতে রাম হয়ে ধরা দেবেন রণবীর কাপুর। অন্যদিকে রাবণের চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা যশকে। তাঁদের দু'জনকে একত্রে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে সিনেমাপ্রেমীরা। তবে সম্প্রতি রণবীর জানালেন রাম, রাবণের যুদ্ধের দৃশ্যের শুটিং এখনও বাকি এই ছবির। তাঁদের কেরিয়ারের অন্যতম মোড় ঘোরানো এই অংশের শুটিং পরে হবে বলেই জানিয়েছেন অভিনেতা। 

রণবীরের কথায়, 'ভগবান রাম এবং রাবণকে একত্রে ছবির একদম শেষে দেখা যাবে। কিন্তু এখনও সেই দৃশ্যের শুটিং হয়নি আমাদের। ফলে আমার আর যশের এখনও একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা বা সুযোগ কোনওটাই হয়নি।' পর্দার রাম এদিন আরও বলেন, 'তবে আমি যশকে বেশ কিছু সময় ধরেই ছবি। ওঁর কাজের ভক্তও। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের এই ছবিতে রাবণের চরিত্রের জন্য ওঁর মতো কাউকে একজনকেই দরকার ছিল, ওঁর যে অরা, স্টারডম সেটা অতুলনীয়।' 

তবে একসঙ্গে কাজ না করলেও যশের কাজের আকণ্ঠ তারিফ করেন এদিন রণবীর। জানান যশ রাবণের চরিত্রটি এত বেশি সোয়্যাগ, অরা এবং সততার সঙ্গে অভিনয় করেছেন যে রাবণ যেন সত্যিই পুনরায় জীবন্ত হয়ে উঠেছিল। 

প্রসঙ্গত, নীতীশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ' ছবিটিতে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। সীতা হিসেবে থাকবেন সাই পল্লবী, রাবণ হয়েছেন যশ। সানি দেওলকে হনুমানের ভূমিকায় দেখবেন দর্শকরা। রবি দুবে হয়েছেন লক্ষ্মণ। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অমিতাভ বচ্চন, অরুণ গোভিল, কুণাল কাপুর, শিবা চাড্ডা, ইন্দিরা কৃষ্ণন, প্রমুখ রয়েছেন। চলতি বছরের দীপাবলির সময় মুক্তি পাবে 'রামায়ণ' পার্ট ১। আগামী বছর, অর্থাৎ ২০২৭ এর দীপাবলিতে মুক্তি পাবে 'রামায়ণ ২'।