২০২৬ সালে বলিউডের অন্যতম আলোচিত ও প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। রণবীর কাপুর অভিনীত এই ছবিকে ঘিরে প্রথম থেকেই দর্শক মহলে উন্মাদনা তুঙ্গে। কিন্তু এই 'রাম'-এর চরিত্র নাকি করতে চাননি অভিনেতা। 


আসলে রণবীর মনে করেন, রামের মতো একটি চরিত্রে অভিনয় করা সহজ নয়। কারণ এই চরিত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্মীয় বিশ্বাস ও অজস্র মানুষের আবেগ। তাই শুরুতে রণবীর ভয় পেয়েছিলেন, যদি কোথাও ভুল হয় বা দর্শকদের প্রত্যাশা পূরণ করতে না পারেন, তাহলে সমালোচনার মুখে পড়তে হতে পারে। এই কারণেই তিনি প্রথমে ছবির প্রস্তাব ফিরিয়ে দেন।

কিন্তু পরে তাঁর সিদ্ধান্ত বদলে যায়। আর এর পিছনে বড় কারণ তাঁর ছোট্ট মেয়ে রাহা। বাবা হওয়ার পর রণবীরের জীবনে অনেক পরিবর্তন এসেছে। এখন তিনি শুধু নিজের কথা ভাবেন না, ভাবেন মেয়ের ভবিষ্যৎ নিয়েও।

রণবীর নাকি মনে করেন, বড় হয়ে রাহা যদি দেখে তাঁর বাবা এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যা নৈতিকতা, আদর্শ ও সত্যের প্রতীক, তাহলে সে গর্বিত হবে। এই ভাবনাই তাঁকে নতুন করে অনুপ্রাণিত করে। আর সেই কারণেই তিনি শেষ পর্যন্ত 'রামায়ণ' ছবিতে অভিনয় করতে রাজি হন।

নীতিশ তিওয়ারির পরিচালনায় এই ছবিতে সীতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে। রাবণের চরিত্রে রয়েছেন দক্ষিণী সুপারস্টার যশ। এছাড়াও হনুমানের ভূমিকায় সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে অভিনয় করছেন বলে জানা গিয়েছে। 

‘রামায়ণ’ ছবিটি দুটি ভাগে মুক্তি পাওয়ার কথা। প্রথম ভাগ মুক্তি পেতে পারে ২০২৬ সালের দীপাবলিতে, আর দ্বিতীয় ভাগ আসবে তার পরের বছর। এই ছবির জন্য বিপুল বাজেট বরাদ্দ করা হয়েছে। ভিএফএক্স, সেট ডিজাইন এবং পোশাকের ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখার চেষ্টা করছেন নির্মাতারা।

গত ২৭ মার্চ রাম নবমীতে ছবির প্রযোজক নমিত মালহোত্রা বড় ঘোষণা করেছিলেন। আগামী ২ এপ্রিল, হনুমান জয়ন্তীর শুভক্ষণে মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের ‘রাম’ লুকের প্রথম ঝলক। নমিত জানিয়েছেন, গত কয়েক বছরের কঠোর পরিশ্রম এবং ভক্তি মিশিয়ে তাঁরা এই মহাকাব্যকে জীবন্ত করার চেষ্টা করছেন। ২ এপ্রিল বিশ্বজুড়ে ভক্তদের উপস্থিতিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রাম-রূপী রণবীরকে সামনে আনা হবে।