পর্দায় রকস্টার, মূক-বধির তরুণ কিংবা প্রতিহিংসায় উন্মত্ত এক যুবকের চরিত্রে তিনি ঝড় তুলেছেন। কিন্তু কোটি কোটি মানুষের শ্রদ্ধেয় 'মর্যাদা পুরুষোত্তম' রামের চরিত্রে অভিনয় করা যে তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা, তা ভালভাবেই বুঝতে পেরেছেন রণবীর কাপুর। নীতীশ তিওয়ারির মহাকাব্যিক 'রামায়ণ' ছবিটিতে রামের চরিত্রে দেখা যাবে তাঁকে। সদ্য অনুষ্ঠিত সান দিয়েগো কমিক কন-এ যোগ দিয়ে এই ঐতিহাসিক চরিত্রের জন্য নিজের মানসিক ও শারীরিক প্রস্তুতির রহস্য ফাঁস করলেন এই বলিউড সুপারস্টার।

 

ছবিটির সহ-অভিনেতা 'কেজিএফ' খ্যাত যশ, পরিচালক নীতীশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মলহোত্রার সঙ্গে সেখানে উপস্থিত হয়ে এক বিশেষ সাক্ষাৎকারে নিজের আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা জানান রণবীর।

 

চরিত্রের জন্য ফিজিক্যাল ট্রান্সফরমেশন বা শারীরিক বদল নিয়ে প্রশ্ন করা হলে রণবীর খুব স্পষ্ট ভাষায় জানান, তাঁর কাছে বডি বানানো বা অ্যাকশন শেখার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল ভগবান রামের ভাবাদর্শকে আত্মস্থ করা।

 

রণবীর বলেন,"শরীর চর্চা করা, নাচ বা অ্যাকশন শেখাটা বেশ সহজ, কারণ এগুলো বাহ্যিক বিষয়। কিন্তু জীবনের এই বয়সে এসে শ্রীরামের জীবনদর্শন গভীরভাবে উপলব্ধি করাটাই আমার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আমি চরিত্রটিকে খুব সরল ও জটিলতামুক্ত রাখতে চেয়েছি, যাতে ৮ থেকে ৮০ বছর বয়সের যে কেউ নিজেকে এর সঙ্গে মেলাতে পারেন। বাহ্যিক পরিবর্তনের চেয়ে রামের শিক্ষাকে হৃদয়ে ধারণ করাটাই আসল।"

 

শ্রীরামের মানসিকতায় পৌঁছাতে তিনি ঠিক কী কী পথ অবলম্বন করেছিলেন, তা জানিয়ে রণবীর বলেন, তিনি প্রচুর পড়ালেখা করেছেন এবং একাধিক গবেষক ও পণ্ডিতের পরামর্শ নিয়েছেন। "আমি টানা দুই বছর ধরে যোগাভ্যাস করেছি। 'সুভীর' নামের আমার একজন গুরু ছিলেন, যিনি আমার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা ধ্যানে বসতেন, যাতে আমি রামের শিক্ষার কাছাকাছি পৌঁছাতে পারি। রামায়ণের একাধিক সংস্করণ রয়েছে, তাই মূল টেক্সট বা বাণীগুলোকে বোঝাটা খুব দরকার ছিল" — যোগ করেন রণবীর।

 

সান দিয়েগো কমিক কন-এ ছবির এই জমকালো প্যানেল আলোচনার মূল আকর্ষণ ছিল শুক্রবার সকালে বিশ্বজুড়ে বহুল প্রতীক্ষিত 'রামায়ণ'-এর ট্রেলার উন্মোচন। তবে নির্ধারিত সময়ের ঠিক কয়েক ঘণ্টা আগেই আচমকা স্থগিত করা হয় ট্রেলার মুক্তি।

প্রযোজক নমিত মলহোত্রা সোশাল মিডিয়ায় বিষয়টি স্পষ্ট করে লেখেন, সোনি পিকচার্স এন্টারটেইনমেন্টের সঙ্গে তাঁদের বিশ্বব্যাপী বড়সড় একটি অংশীদারিত্ব তৈরি হয়েছে। তাই আন্তর্জাতিক স্তরে একযোগে অন্য একটি তারিখে ট্রেলারটি মুক্তি পাবে। ১০০ বছরেরও বেশি সময়ের ভারতীয় সিনেমার ইতিহাসে এই ছবি বিশ্বমঞ্চে এক বিরাট গর্বের মুহূর্ত তৈরি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চলতি বছরের নভেম্বরে বিশ্বজুড়ে সিনেমা হলে প্রথম পর্ব নিয়ে মুক্তি পেতে চলেছে নীতীশ তিওয়ারির 'রামায়ণ'। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ ছাড়াও এই বিগ বাজেট ছবিতে সানি দেওল, রবি দুবে, রকুল প্রীত সিং, লারা দত্ত, অরুণ গোভিল ও বিবেক ওবেরয়ের মতো একগুচ্ছ নক্ষত্রকে দেখা যাবে।