গ্ল্যামার দুনিয়ায় বিতর্ক যেন নতুন কিছু নয়, তবে যখন দুই হেভিওয়েট বিতর্কিত অভিনেত্রী একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে ময়দানে নেমে পড়েন, তখন পারদ চড়তে বাধ্য। দেশের জেন-জি (তরুণ প্রজন্ম) এবং ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউতের এক বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এবার কড়া ভাষায় আক্রমণ শানালেন রাখি সাওয়ান্ত। কঙ্গনার করা সেই কুরুচিকর মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।


কিছুদিন আগেই জেন-জিদের আন্দোলন ও বিভিন্ন রিলস দেখে নিজের সোশ্যাল হ্যান্ডেলে চরম অসন্তোষ প্রকাশ করেছিলেন কঙ্গনা। তিনি লিখেছিলেন, “আমার জীবনে এত কুৎসিত জিনিস একসঙ্গে কখনও দেখিনি। জেন-জি আন্দোলনের এই রিলসগুলো বমি আনার মতো। এরা যে ভাষায় কথা বলছে, তা এককথায় অত্যন্ত কুরুচিকর।”

এখানেই থেমে থাকেননি তিনি। বিশেষ করে সিজেপি (CJP)-এর নেতৃত্বে চলা বিক্ষোভে তরুণী ও ছাত্রীদের অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা করে কঙ্গনা কটাক্ষ করেছিলেন যে, এই তথাকথিত ‘পশ্চিমি সংস্কৃতিতে অভ্যস্ত’ মেয়েরা ঐতিহ্যগত মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে। তিনি তাদের সরাসরি ‘জেনারেশন গাটার’ বলে আক্রমণ করে লেখেন, “এদের সিস্টেমে দেওয়ার মতো কিছু নেই। পড়াশোনাতেও এরা ভাল নয়। এরা এতটাই কুৎসিত ও দুর্নীতিগ্রস্ত যে ভাল গৃহিণী হওয়ার যোগ্যতাও এদের নেই।” কঙ্গনার এই মন্তব্যের পরেই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

 

?utm_source=ig_web_button_share_sheet

 

কঙ্গনার এমন মন্তব্যের পরেই চুপ থাকেননি রাখি সাওয়ান্ত। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তিনি কঙ্গনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং ব্যক্তিগত মন্তব্য নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। কঙ্গনাকে বেনজির আক্রমণ করে রাখি বলেন, “তুমি এমপি হওয়ার জন্য কী করেছ? আজ যদি তুমি নিজে দাঁড়িয়ে ভোট লড়তে, সাধারণ মানুষ একটা ভোটও দিত না। জানি না কীভাবে তুমি মান্ডিতে এত বড় নাম হয়ে উঠলে বা আজ যে পদে আছো, সেখানে পৌঁছলে!”

কঙ্গনাকে ‘ডাইনি’ বলে সম্বোধন করে রাখি আরও বলেন, “আমাদের দেশের মেয়েদের, আমার দেশের ছাত্রীদের এবং দেশের কন্যাদের সম্পর্কে তুমি কী ধরনের ভাষা ব্যবহার করছ? বিমানবন্দরে তো তোমার গায়ে হাত উঠেছিল! চড় খেয়েছিলে না? তোমার কি একটুও ভয় করে না? এভাবেই চলতে থাকলে দেশের মানুষের ক্ষোভের মুখে তোমাকেই পড়তে হবে।”

 

কঙ্গনার অতিরিক্ত নিরাপত্তা বলয় নিয়েও কটাক্ষ করে রাখি তাঁকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, “তোমার তো চারপাশে পুলিশ ও নিরাপত্তা রয়েছে, তাই ঘুরে বেড়াচ্ছ। ক্ষমতা থাকে তো আমাদের মতো একা ঘুরে দেখাও! তখন বুঝতে পারবে দেশের তরুণ প্রজন্মের আসল শক্তি কী। সংসদে বসে কী সব আবল-তাবল বকে যাচ্ছ? দেশের মেয়েদের নিয়ে এত খারাপ কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে?”

ভিডিওর শেষদিকে কঙ্গনার বলিউডের অতীত কেরিয়ার এবং বিতর্কগুলোর কথাও টেনে আনেন রাখি। কঙ্গনাকে ‘ফাউল মাউথ’ বা কদর্য ভাষার অধিকারী আখ্যা দিয়ে রাখি বলেন, “নিজের চরিত্রটার দিকে একবার আয়নায় তাকিয়ে দেখো, বলিউডে কী না কী করেছ! এত নোংরা ভাষা নিয়ে তুমি আমার দেশের মেয়েদের বিরুদ্ধে কথা বলছ—তোমার সেই যোগ্যতা আদৌ আছে তো?”