বিনোদনের জগতে তারকাদের প্রেম আর বিচ্ছেদ যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। কিন্তু এরই মাঝে রুবিনা দিলাইক এবং অভিনব শুক্লার সম্পর্কের সমীকরণটি আর পাঁচজনের চেয়ে একেবারেই আলাদা। যমজ কন্যার মা-বাবা হওয়ার পর তাঁদের সম্পর্কের সেই টানাপোড়েন আবারও আলোচনায় উঠে এসেছে। আর এই ঘটনা আবার সামনে এনেছেন বলিউডের 'কন্ট্রোভার্সি কুইন' রাখি সাওয়ান্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে তিনি দাবি করেছেন, তাঁর জন্যই নাকি রুবিনা ও অভিনবের সম্পর্ক জোড়া লেগেছিল।
রাখির কথায়, "রুবিনা ও অভিনবের বিচ্ছেদ হচ্ছিল, সব জায়গায় খবর ছড়িয়ে গিয়েছিল। তখন আমি ঠিক করলাম ওদের দু'জনের সম্পর্ক আমিই ঠিক করব। তখন অভিনব শুক্লাকে আমার মিথ্যে প্রেমের জালে ফাঁসালাম। যাতে রুবিনার মাথা গরম হয়ে যায় ও নিজের স্বামীর কাছে ফিরে আসে। যেমন ভেবেছিলাম ঠিক তেমনই হয়েছে।"
রাখি আরও বলেন, "আমার মিথ্যে প্রেমের কারণে ওদের সম্পর্ক এমন মজবুত হয়েছে যে ওদের যমজ সন্তান হয়েছে। আগামী সাত জন্মের জন্য ওরা একসঙ্গে জীবন কাটাবে বলে ঠিক করেছে। এটা ভেবেই খুব ভাল লাগে যে, বিগ বসে আমি যা করেছি, তার জন্য দু'জনের বিয়ে টিকে গিয়েছে। তাই ওদের সম্পর্ক জুড়ে যাওয়ার সমস্ত কৃতিত্ব আমারই।"
রাখির এই মন্তব্য এখন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। অনেক নেটিজেনের কটাক্ষের মুখেও পড়েছেন রাখি।
প্রসঙ্গত, রুবিনা ও অভিনবের সম্পর্কের শুরুটা হয়েছিল অনেকটা সিনেমার গল্পের মতোই। দীর্ঘদিনের প্রেমের পর ২০১৮ সালে জমকালো আয়োজনে হিমাচল প্রদেশে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। কিন্তু বিয়ের কয়েক বছর কাটতে না কাটতেই সম্পর্কে দেখা দেয় গভীর ফাটল। এতটাই যে, দু'জনেই পাকাপাকিভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০২০ সালের সেই কঠিন সময়টা ছিল তাঁদের জন্য চরম অগ্নিপরীক্ষা। রুবিনা নিজেই একবার জানিয়েছিলেন, তাঁদের মধ্যে মানসিক দূরত্ব এতটাই বেড়ে গিয়েছিল যে তাঁরা আইনিভাবে বিবাহবিচ্ছেদের আবেদন করার পরিকল্পনা করেছিলেন।
ঠিক সেই সময়ই ‘বিগ বস ১৪’-এ প্রতিযোগী হিসেবে যোগ দেন এই দম্পতি। আর এটাই ছিল তাঁদের সম্পর্কের 'টার্নিং পয়েন্ট'। বাড়ির চার দেওয়ালে বন্দি অবস্থায় একে অপরকে নতুন করে চেনার সুযোগ পান তাঁরা। ব্যক্তিগত লড়াইগুলো পর্দায় সবার সামনে এলেও, শো শেষ হতে হতেই তাঁদের দূরত্ব ঘুচে যায়। একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা তাঁদের পুনরায় এক ছাতার তলায় নিয়ে আসে।















