বলিউডে অনেক সময় প্রতিভার চেয়েও বড় হয়ে দাঁড়ায় ভুল বোঝাবুঝি। রাজপাল যাদব এবং শাহরুখ খানের মধ্যে ঘটে যাওয়া এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। শাহরুখের ব্লকবাস্টার ছবি ‘ওম শান্তি ওম’-এ রাজপালের জন্য একটি বিশেষ চরিত্র লেখা হয়েছিল, কিন্তু ‘ষড়যন্ত্রের’ জেরে সেই সুযোগ হাতছাড়া হয় তাঁর।
বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘কাল হো না হো’-র সেই আইকনিক কমেডি দৃশ্য আজও দর্শকদের মুখে হাসি ফোটায়। কিন্তু জানেন কি, ‘ওম শান্তি ওম’ ছবিতেও রাজপালের জন্য একটি বড় চরিত্র ভেবেছিলেন খোদ শাহরুখ? অথচ রাজপাল নিজেই জানতেন না সেই কথা। নেপথ্যে ছিল ইন্ডাস্ট্রির অন্দরের পরনিন্দা চর্চা । সম্প্রতি রাজপাল যাদব এক সাক্ষাৎকারে ফাঁস করলেন সেই তিক্ত অভিজ্ঞতার কথা।
রাজপাল জানান, ‘ওম শান্তি ওম’-এর কয়েক বছর পর ‘বিল্লু বারবার’-এর শুটিং চলাকালীন জুহি চাওলার ভাইয়ের সঙ্গে তাঁর আলাপ হয়। তিনি রাজপালকে জড়িয়ে ধরে বলেন, “শাহরুখ ভাই আপনাকে খুব ভালবাসেন। আপনার জন্য ‘ওম শান্তি ওম’-এ একটি বড় ট্র্যাক লিখেছিলেন তিনি। কিন্তু আপনি না কি সময় নেই বলে সেই চরিত্রটি করতে মানা করে দিয়েছিলেন!”
এই কথা শুনে আকাশ থেকে পড়েন রাজপাল। তিনি তৎক্ষণাৎ তাঁর ম্যানেজারের সঙ্গে কথা বলেন, কিন্তু দেখা যায় তাঁদের কাছে এমন কোনও প্রস্তাবই আসেনি। রাজপাল বলেন, “আসলে মাঝখানে কেউ একজন তলে তলে শাহরুখ ভাইয়ের কাছে আমার নামে আজেবাজে কথা বলেছিল। আমাকে নেতিবাচকভাবে পেশ করা হয়েছিল যাতে আমি সুযোগটা না পাই। শাহরুখও জানতেন না, আমিও না। এটাই বলিউড, এখানে এমন দশ-বিশটা ঘটনা হামেশাই ঘটে।”
রাজপাল স্পষ্ট করেছেন যে, এই ভুল বোঝাবুঝি তাঁর এবং শাহরুখের সম্পর্কে কোনও প্রভাব ফেলেনি। পরে যখন সত্যিটা সামনে আসে, তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেন এবং সব তিক্ততা মিটিয়ে নেন। প্রসঙ্গত, ফারহা খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ ছিল দীপিকা পাড়ুকোনের ডেবিউ ছবি এবং বক্স অফিসে ১৪৮ কোটি টাকার ব্যবসা করেছিল।
ভুল বোঝাবুঝি কাটিয়ে রাজপাল যাদব এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ভূত বাংলা’ নিয়ে। প্রিয়দর্শন পরিচালিত এই হরর-কমেডিতে দীর্ঘ এক দশক পর অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে রাজপালকে। ছবিতে আরও আছেন তাবু ও পরেশ রাওয়াল। আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি, তার আগে ১৬ এপ্রিল রাত ৯টা থেকে শুরু হবে পেইড প্রিভিউ।















