আইনি জটিলতা, বিতর্ক আর চারপাশ থেকে উড়ে আসা সহানুভূতির মন্তব্য—সব মিলিয়ে এইমুহূর্তে সময়টা মোটেও সহজ যাচ্ছে না বলিউড অভিনেতা রাজপাল যাদবের। ২০১২ সালের একটি চেক বাউন্স মামলায় আত্মসমর্পণের পর কিছু সময় কাটাতে হয়েছে তিহাড় জেলে। যদিও পরিবারের এক বিয়েতে যোগ দেওয়ার জন্য তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে ১৮ মার্চ পর্যন্ত। কিন্তু আইনি চাপের মাঝেও নীরব থাকেননি অভিনেতা। উল্টে সাংবাদিক বৈঠক ডেকে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।

এই বিতর্কের সূত্রপাত পরিচালক প্রিয়দর্শন-এর এক মন্তব্যকে ঘিরে। রাজপালের সঙ্গে তাঁর দীর্ঘ বছরের পরিচিতির কথা বলতে গিয়ে পরিচালক জানান, রাজপালের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন এবং ভবিষ্যৎ ছবিতে তাঁকে বেশি পারিশ্রমিক দেওয়ার কথাও প্রযোজকদের বলেছেন। তবে একই সঙ্গে তিনি মন্তব্য করেন, অভিনেতা নাকি “লেখাপড়া কম জানার দরুণ এরকম ভুল করেছেন।”

এই মন্তব্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন রাজপাল। তাঁর স্পষ্ট বক্তব্য, শিক্ষা নিয়ে  প্রিয়দর্শনের এমন মন্তব্য সম্পূর্ণ ভুল। তিনি বলেন, ছোটবেলা থেকে কাজ করছেন, তিন দশকের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে টিকে আছেন, এটা কোনোভাবেই অশিক্ষার পরিচয় নয়। তাঁর কথায়, বড় বড় মানুষও জীবনে সমস্যায় পড়েন, কিন্তু তা তাঁদের শিক্ষার সঙ্গে জড়িয়ে দেখা ঠিক নয়।

তবে সমালোচনার মাঝেও সম্মান বজায় রেখেছেন অভিনেতা। তিনি জানান, তিনজন পরিচালককে তিনি সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন। তাঁরা হলেন -রাম গোপাল বর্মা, ডেভিড ধাওয়ান এবং প্রিয়দর্শন। তাঁদের সঙ্গে মিলিয়ে পঞ্চাশেরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। তাই ব্যক্তিগতভাবে সম্পর্ক অটুট থাকলেও, নিজের জীবনের পুরো সত্যিটা কেউ জানে না, এ কথাও স্পষ্ট করে দেন অভিনেতা।

আইনি লড়াই চললেও কাজের দিক থেকে থেমে নেই তাঁর যাত্রা। রাজপাল নিশ্চিত করেছেন, আবারও প্রিয়দর্শনের পরিচালনায় তিনি কাজ করবেন আসন্ন ছবি ‘ভূত বাংলা’-তে। পাশাপাশি বড় কাস্টের ছবি ও’য়েলকাম টু দ্য জঙ্গল’-সহ আরও কয়েকটি প্রকল্পে যুক্ত রয়েছেন তিনি। কাজ চাওয়ার প্রসঙ্গেও সরাসরি বার্তা দিয়েছেন অভিনেতা। তাঁর মতে, কাজের জন্য ভিক্ষা চাওয়ার মতো অবস্থায় তিনি নেই, বরং কাজই তাঁর জীবনের অংশ হয়ে গেছে বহু বছর ধরে।

সব মিলিয়ে বোঝা যাচ্ছে, বিতর্ক আর আইনি জটিলতার ঝড় বইলেও, ক্যামেরার সামনে নিজের জায়গা নিয়ে এখনও আত্মবিশ্বাসী রাজপাল যাদব। তাঁর লড়াই শুধু আদালতে নয়, ইন্ডাস্ট্রিতেও নিজের পরিচয় অটুট রাখার লড়াই।

 

&t=3s