রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর টলিপাড়াতেও বইতে শুরু করেছে পরিবর্তনের এক নতুন হাওয়া। বাংলা মূলধারার ছবিকে পুনরুজ্জীবিত করতে এবার কোমর বেঁধে ময়দানে নামছে নতুন প্রজন্মের প্রযোজনা সংস্থাগুলি। সেই আবহেই আজ থেকে বোলপুরের শান্তিনিকেতনে শুরু হয়ে গেল ‘অ্যাম্পল ড্রিম ডেভেলপার্স’ -এর নতুন ছবি ‘তুমি এলে তাই’ -এর প্রথম শিডিউলের শুটিং। একঝাঁক তারকা এবং নতুন প্রতিভাদের নিয়ে জমজমাটভাবে ক্যামেরার সামনে প্রথম ক্ল্যাপস্টিক পড়ল আজ।
পরিচালক রত্নাকর কর্মকারের পরিচালনায়, মুনমুন দাসের ভাবনায় এবং অমল চক্রবর্তীর টানটান চিত্রনাট্যে তৈরি হচ্ছে এই ছবি। নির্মাতাদের দাবি, এই ছবির গল্পে দর্শক ভরপুর রোম্যান্স, কলেজের অন্দরের দুর্নীতি এবং একটি হাড়হিম করা মার্ডার মিস্ট্রির এক হাই-ভোল্টেজ ককটেল দেখতে পাবেন।
ছবির শুভ মহরৎ ও শুটিং শুরুর দিনে ছবির প্রযোজক তথা ‘অ্যাম্পল ড্রিম ডেভেলপার্স’-এর কর্ণধার অমিত কুমার সিনহা এক আবেগঘন বার্তা দিয়েছেন। তাঁর কথায়, “সিনেমা তখনই বড় হয়, যখন সুযোগ বড় হয়। এটি আমাদের তৈরি তৃতীয় ছবি এবং আমরা দর্শকদের সবসময় নতুন ও ইউনিক কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। আজকের দিনে যে কোনও বড় তারকার পেছনেই কিন্তু একটা ‘প্রথম সুযোগ’ ছিল। আমরাও এই ছবির মাধ্যমে বেশ কিছু নতুন প্রতিভাকে একটা বড় প্ল্যাটফর্ম দিচ্ছি, যাঁরা নিজেদের উজাড় করে কাজ করছেন। দর্শকদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কোনত্ত পূর্বপরিকল্পনা না রেখে খোলা মনে এই ছবিটি দেখুন এবং ওঁর শিল্প, আবেগ ও অভিনয় দিয়ে এই ছবিকে বিচার করুন।”

এই ছবিতে টলিউডের অভিজ্ঞ অভিনেতাদের পাশাপাশি দেখা যাবে একঝাঁক তরুণ মুখকেও।
রজতাভ দত্ত: ‘আবু আনসারি’ নামের একটি অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ চরিত্রে।
মৌবনী সরকার: মানসিকভাবে বিপর্যস্ত ও দ্বন্দ্বে থাকা ‘নীলম’ চরিত্রে। ছবির প্রধান অভিনেত্রী তিনি-ই।
মৈনাক বন্দ্যোপাধ্যায়: প্রধান নায়ক তথা ‘জয়’ নামের এক ক্ষুরধার পুলিশ অফিসারের চরিত্রে।
মিশভি মিশ্র: ছবির অন্যতম নায়িকা ‘ফলক’-এর চরিত্রে।
বিশ্বনাথ বসু: ‘ঘনশ্যাম’ নামের এক পুলিশ অফিসারের ভূমিকায়।
বরুণ চক্রবর্তী: ‘প্রমোদ শর্মা’ নামের আরেক পুলিশ অফিসারের চরিত্রে।
ভাস্কর বন্দ্যোপাধ্যায়: কলেজের প্রিন্সিপালের এক তাৎপর্যপূর্ণ চরিত্রে।
অনামিকা সাহা: প্রতিভা নামের এক চরিত্রের মা ‘জয়ন্তী’-র ভূমিকায়।
সোমা চক্রবর্তী এবং তন্নিষ্ঠা বিশ্বাস: যথাক্রমে ‘মনো দা’ এবং ‘প্রতিভা’ নামের দুটি পার্শ্বচরিত্রে।
ট্রেড অ্যানালিস্টদের মতে, বাংলার রাজনৈতিক হাওয়া বদলের সাথে সাথে ওল্ড-স্কুল চিন্তাভাবনা কাটিয়ে বিনোদন জগতে যেভাবে প্রগতিশীল ও দূরদর্শী প্রযোজকেরা পা রাখছেন, তাতে টলিউড সিনেমার সুদিন ফিরতে বাধ্য। টানটান সাসপেন্সে মোড়া ‘তুমি এলে তাই’ ছবির প্রথম শিডিউল বোলপুরের চড়া রোদে এখন পুরোদমে গতি পেয়েছে। এখন দেখার, বড়পর্দায় এই নতুন টিম কতটা ম্যাজিক ছড়াতে পারে!















