স্রেফ একটি ওয়েব সিরিজ পরিচালনা করেই বলিউড কাঁপিয়ে ফেলেছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। ক্যামেরার অন্য প্রান্তেই নিজের কেরিয়ার শুরু করে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের জাত চিনিয়েছেন। পরিচালক হিসেবে ওঁর প্রথম স্যাটিরিক্যাল ড্রামা সিরিজ ‘দ্য ব্যাড অ্যাস অফ বলিউড’ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স -এ মুক্তির পরই রাজত্ব করেছে এক নম্বর স্থানে। বলিউডের ভেতরের নেপোটিজম, তারকাদের অহংকার আর ইন্ডাস্ট্রির কালো দিক নিয়ে তৈরি এই বোল্ড কমেডি সিরিজটি দর্শক ও সমালোচকদের তুমুল প্রশংসা কুড়িয়েছে।
প্রথম সিজনের এই আকাশছোঁয়া সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার ওটিটি পাড়ায় হইচই ফেলে দিল ওঁর দ্বিতীয় সিজনের আপডেট! টিনসেল টাউনে জোর গুঞ্জন, ২০২৭ সালের প্রথম দিকেই ফ্লোরে নামতে চলেছে এই সিরিজের পার্ট ২। আর এই খবরের সত্যতা খোদ নিশ্চিত করেছেন সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা তথা নয়ের দশকের জনপ্রিয় ভিলেন রজত বেদি!
‘কোই মিল গয়া’ বা ‘জানি দুশমন’-ছবির মতো খলনায়কের চরিত্রে অভিনয় করা রজত বেদি এই সিরিজের হাত ধরেই ওঁর কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে এক অবিশ্বাস্য ইউ-টার্ন পেয়েছেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ‘জয়রাজ’ চরিত্রের অভিনেতা রজত আরিয়ান পরিচালিত সিরিজের ‘সিজন ২’ নিয়ে এক মস্ত বড় হাঁড়ি হাটে ভাঙলেন।

রজত বেদির কথায়, “হ্যাঁ, এটা একদম সত্যি যে ‘দ্য ব্যাড অ্যাস অফ বলিউড ২’ আসছে। এই মুহূর্তে সেই কাজ চলছে জোরকদমে। প্রথম সিজনটা তো স্রেফ একটা ট্রেলার বা টিজার ছিল, দ্বিতীয় সিজনে আমার চরিত্র ‘জয়রাজ’-এর আসল রূপ এবং আরও অনেক চমক দেখতে পাবেন দর্শকেরা।”
সিরিজের সাফল্যের পর ওঁর জীবনের আমূল পরিবর্তন নিয়ে আবেগপ্রবণ হয়ে রজত বলেন, “সিরিজটা নেটফ্লিক্সে আসার পর থেকে আমার ফোন বেজে চলেছে। যে ভালবাসা পাচ্ছি, তা অবিশ্বাস্য! আমার স্ত্রী, ছেলে, মেয়ে— আমাদের পুরো পরিবারের মনে হচ্ছে ভগবান যেন এক লহমায় আমাদের সব কিছু উজাড় করে দিয়েছেন। এতদিন কেন আমার বাকি কাজগুলো হচ্ছিল না, এখন বুঝতে পারছি— ঈশ্বরের আমার জন্য অন্য কোনও বড় প্ল্যান ছিল। আমার জীবনের মেঘ কেটে অবশেষে সূর্য উঠেছে।”
রজত হাসিমুখে আরও একটি মজার সিক্রেট ফাঁস করে জানান, আরিয়ান খান যখন প্রথমবার ওঁকে এই সিরিজের স্ক্রিপ্ট শোনাতে এসেছিলেন, তখন এই স্টার-কিড নিজেও বেশ নার্ভাস ছিলেন!
ইন্ডাস্ট্রিতে জোর খবর, প্রথম সিজনটি যেখানে শেষ হয়েছিল, দ্বিতীয় সিজনের গল্প সেখান থেকেই আরও ধারালো ও নতুন ফ্লেভারে শুরু হবে। সিরিজের সঙ্গে যুক্ত এক সূত্রের দাবি, “টিমের মূল লক্ষ্য হল সিরিজের নয়া সিজনের চিত্রনাট্যকে একদম ফ্রেশ এবং অরিজিনাল রাখা, যাতে প্রথম সিজনের সাফল্যের সস্তা পুনরাবৃত্তি না ঘটে।”
প্রথম সিজনের লেখক বিল্লাল সিদ্দিকি ইতিমধ্যেই সিজন ২-এর চিত্রনাট্য লেখার কাজ শুরু করে দিয়েছেন। প্রধান চরিত্রে প্রথম সিজনের নায়ক লক্ষ্য লালওয়ানি-কে নিয়েই ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যেই ক্যামেরা চালু করার প্রস্তুতি নিচ্ছেন আরিয়ান।
৭ পর্বের এই টানটান সিরিজে একজন বহিরাগত বা আউটসাইডার ‘আসমান সিং’-এর চরিত্রে লক্ষ্য লালওয়ানির অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। এছাড়া ববি দেওল, সাহের বাম্বা, রাঘব জুয়াল এবং আনিয়া সিংয়ের মতো কাস্টিং সিরিজটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। বলিউডের তাবড় তাবড় তারকাদের ক্যামিও উপস্থিতি এবং ইন্ডাস্ট্রির ভেতরের নগ্ন সত্যিকে প্যারোডি বা কৌতুকের ছলে ফুটিয়ে তোলার জন্য আরিয়ান খানকে বলিউডের আগামী দিনের অন্যতম সেরা গল্পকার বলা শুরু হয়ে গিয়েছে।















