শুটিং ফ্লোরে গুরুতর চোট অভিনেতা রাহুল দেবের। চ্যাম্পিয়ন, অশোকা, আওয়ারা পাগল দিওয়ানা, আন: মেন অ্যাট ওয়ার্ক এবং গুড ব্যাড আগলি-র মতো সিনেমার পরিচিত মুখ অভিনেতা রাহুল দেব সম্প্রতি গোয়ায় একটি ফিটনেস পণ্যের বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় আচমকা পাটাতন সরে যাওয়ায় তাঁর বাঁ পা ভেঙে যায়। তবে এই বিপত্তি সত্ত্বেও রাহুল শুটিং শেষ করেছেন এবং বর্তমানে শরীরচর্চা অব্যাহত রেখেই সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন।

শুটিং চলাকালীন সেই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে এক সাক্ষাৎকারে রাহুল বলেন, “গত ২২ এপ্রিল গোয়ায় একটি ফিটনেস পণ্যের বিজ্ঞাপনের শুটিং করছিলাম। একটি দৃশ্যের প্রয়োজনে আমাকে লাফ দিতে হতো। কিন্তু সেটি করার সময় যে পাটাতনটির ওপর আমার নামার কথা ছিল, সেটি সরে যায়। এর ফলে আমার বাঁ পায়ের গোড়ালির ঠিক ওপরে প্রচণ্ড মোচড় লাগে। দু'দিন পর এক্স-রে করা হলে ধরা পড়ে যে আমার বাঁ পায়ের ফিবুলা হাড়ের নিচের অংশে চিড় ধরেছে (ডিস্টাল ফিবুলার ফ্র্যাকচার)। চিকিৎসকরা আমাকে তিন সপ্তাহ প্লাস্টার কাস্টে থাকার পরামর্শ দিয়েছেন যাতে হাড়টি ঠিকমতো জোড়া লাগে। ভাল দিক এটাই যে, চোট পাওয়ার পরও আমি ওই দৃশ্যটি এবং বিজ্ঞাপনের কাজ শেষ করতে পেরেছিলাম।”

শারীরিকভাবে আঘাত পেলেও অভিনেতা তাঁর নিয়মিত শরীরচর্চা থেকে পুরোপুরি দূরে সরে যাননি। এই কঠিন সময়ে তিনি মানসিকভাবে কীভাবে নিজেকে সামলাচ্ছেন, সে প্রসঙ্গে রাহুল বলেন, “আমি আমার পরম শ্রদ্ধেয় গুরু শ্রী তারনেভজির কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তাঁর আশীর্বাদেই আমি অনুভব করছি যে আমার শরীর এই চোটের সঙ্গে লড়তে পারছে এবং দ্রুত সেরে উঠছে।”