ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ আসছে মিমি চক্রবর্তীর নতুন সিরিজ 'কুইনস'। পরিচালনায় নির্ঝর মিত্র। এই সিরিজের ঘোষণা চলতি বছরের শুরুতেই হয়ে গিয়েছিল। এই সিরিজে উঠে আসতে দেখা যাবে প্রতিশোধের গল্প। মিমিকে দেখা যাবে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতেও। এর আগেও প্রতিবাদী চরিত্রে নজর কেড়েছেন মিমি। তবে এবার ভূমিকাটা একটু অন্য রকম। 

 

স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে চরম পদক্ষেপ করতে দেখা যাবে অভিনেত্রীকে। টলিপাড়ার অন্দরের খবর, অভিনেতা রাহুল দেব বসুকে দেখা যেতে চলেছে এই চরিত্রে। এই প্রথমবার মিমির সঙ্গে জুটি বাঁধছেন রাহুল। ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে এই সিরিজের। 

 

এর আগেও নির্ঝরের পরিচালনায় কাজ করেছেন মিমি চক্রবর্তী। 'ডাইনি' সিরিজে তাক লাগিয়েছিলেন অভিনেত্রী। অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠতে আগেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। কিন্তু খবর, এবার নির্ঝরের পরিচালনায় ধরা দেবেন এক অন্য মিমি। 

এদিকে, রাহুল টলিপাড়ার পরিচিত মুখ। বলিউডেও কাজ করেছেন অভিনেতা। 'কুইনস' নিয়ে আজকাল ডট ইন-কে রাহুল বলেন, "আমি বরাবরই অন্য ধরনের চরিত্র খুঁজি। এতদিন নায়ক কিংবা খল নায়কের চরিত্রে দর্শক আমায় দেখেছেন। তবে এবার আমি একটু এক্সপ্লোর করতে চাই। নির্ঝরের মতো পরিচালকের সঙ্গে কাজ করা সত্যিই খুব গর্বের। এত ভাল পরিচালক, খুব তাড়াতাড়ি আরও নাম করবে ও। মিমির সঙ্গেও প্রথম কাজ। তবে এই ক'দিনেরর শুটিংয়ে বুঝেছি খুবই পেশাদার একজন অভিনেত্রী‌। সব মিলিয়ে অ্যাকশন থ্রিলার জমে উঠবে বলে আশা করছি।"

 

প্রসঙ্গত, ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে এই সিরিজের। মিমি চক্রবর্তী ছাড়াও প্রতিশোধ নিতে দেখা যাবে অভিনেত্রী পায়েল দেকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দুর্বার শর্মা, অর্ণ মুখোপাধ্যায় ও যুধাজিৎ সরকার।