দীর্ঘ কেরিয়ারে কীভাবে প্রাসঙ্গিক থেকে যাওয়া যায়, তা নিয়ে বরাবরই মুখর অভিনেতা আর মাধবন। সম্প্রতি তাঁর একটি পুরনো সাক্ষাৎকার নতুন করে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি খোলাখুলি জানিয়েছেন, নিজের অভিনয়-জীবনে কার মতো হতে চান তিনি। মাধবনের কথায়, একজনই আছেন যাঁর কেরিয়ারকে আদর্শ ধরে চলতে চান তিনি— মহানায়ক অমিতাভ বচ্চন।
এক সাক্ষাৎকারে মাধবন জানান, বিনোদন জগতে ক্ষণিকের জনপ্রিয়তার চেয়ে দীর্ঘস্থায়ী সাফল্যই অনেক বেশি মূল্যবান। তাঁর কথায়, "কাউকে অসম্মান না করেই বলছি, এমন একজন ভদ্রলোক আছেন যাঁর মতো হওয়া আমার কল্পনার বাইরে, অথচ আমি ঠিক তেমনই হতে চাই। কারণ কেরিয়ারের শুরুতে যতটা প্রাসঙ্গিক ছিলেন, আজও ততটাই প্রাসঙ্গিক তিনি। এই ইন্ডাস্ট্রিতে এর চেয়ে বড় আশীর্বাদ আর কিছু হয় না, কারণ খ্যাতি হারানোর ভয়টাই এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।"
বয়স অনুযায়ী চরিত্র বেছে নেওয়া এবং নিজেকে বারবার নতুন করে তুলে ধরার ক্ষমতার জন্য অমিতাভকে কুর্নিশ জানিয়েছেন মাধবন। তাঁর মতে, নিজের পরিচয় বা মর্যাদা বিসর্জন না দিয়েই বরাবর এগিয়ে থেকেছেন বচ্চন। মাধবনের ভাষায়, "যেভাবে তিনি বয়স-উপযোগী চরিত্র বেছে নিয়েছেন, আজও তরুণ অভিনেতাদের কড়া টক্কর দিচ্ছেন, নিজের মর্যাদা আর নিজস্ব স্টাইল অক্ষুণ্ণ রেখেছেন— এই মানুষটি আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেন।"
নিজের বিনম্রতার কথাও লুকোননি মাধবন। জানিয়েছেন, বাবা-মা ছাড়া আর কারও পায়ে ছোঁয়ার অভ্যাস তাঁর নেই, কিন্তু অমিতাভের ক্ষেত্রে সেই নিয়মও ভাঙতে রাজি তিনি— কারণ তাঁর মতো হওয়ার সামান্য অংশও যদি নিজের মধ্যে আনতে পারেন, তাতেই নিজেকে ধন্য মনে করবেন।
মাধবনের মতে, বচ্চনের সবচেয়ে বড় প্রাপ্তি তাঁর তারকাখ্যাতি নয়, বরং এত বছর ধরে টিকে থাকার ক্ষমতা। প্রসঙ্গত, নিজেও একসময় প্রাসঙ্গিকতা হারানোর ভয়ে প্রায় চার বছর ছবি থেকে দূরে সরে গিয়েছিলেন মাধবন, যাতে নতুন করে অভিনয়ের প্রতি ভালোবাসা ফিরে পান।
পেশাগত জীবনে অমিতাভ শীর্ষে থাকলেও, ব্যক্তিগত মূল্যবোধ ও জীবনদর্শনের প্রশ্নে বাবা-মাকেই সবচেয়ে বড় অনুপ্রেরণা বলে মানেন মাধবন। তারকাখ্যাতির মাঝেও বাবা-মায়ের সারল্য আর সন্তুষ্টির কথা জানিয়ে তিনি বলেন, তাঁদের বয়সে গিয়ে এতটা তৃপ্তি নিয়ে বাঁচতে পারলে নিজেকে সত্যিকারের সফল বলে মনে করবেন তিনি।
















