বলিউডে একের পর এক খুশির খবর! সম্প্রতি সমাজমাধ্যমে দ্বিতীয়বার মা হওয়ার খবর দিয়েছেন দীপিকা পাড়ুকোন। এবার আরও এক অভিনেত্রী এই খুশির খবর ভাগ করে নিলেন সকলের সঙ্গে।
কথা হচ্ছে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের। টলিউড থেকে বলিউডে দাপিয়ে কাজ করেছেন তিনি। এবার তিনি এবার তাঁর বেটার হাফ কুণাল ভার্মা প্রস্তুত তাঁদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর জন্য।
সম্প্রতি ইউটিউবে একটি ভ্লগে এই সুখবর দিয়েছেন পূজা এবং কুণাল। জানিয়েছেন অভিনেত্রী আবার গর্ভবতী। দীপিকা পাড়ুকোন যেমন মেয়ে দুয়ার হাতে পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট ধরিয়ে সেটার ছবি পোস্ট করেছেন, পূজা তেমন নিজেই তাঁর সেই টেস্ট কিট ভিডিওতে দেখিয়ে সুখবর দেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ২০২০ সালে পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ভার্মার প্রথম সন্তান, তাঁদের ছেলে ভূমিষ্ট হয়েছে। এবার দ্বিতীয় সন্তান আসার ঝলক পোস্ট করে, দ্বিতীয়বার বাবা, মা হওয়ার অনুভূতি একটি আবেগঘন ভিডিওতে জানালেন। পূজার কথায়, এটা তাঁদের কাছে আশীর্বাদসম, জীবনের একটা নতুন অধ্যায়।
এদিন এই ভ্লগে পূজা এবং কুণাল দেখিয়েছে যে তাঁরা তাঁদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের পরিবার কীভাবে তাঁদের পাশে রয়েছেন, সহ সমস্তটাই। একই সঙ্গে ঘুরিয়ে দেখান তাঁদের মুম্বইয়ের বাড়িটিও।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, পূজা 'চ্যালেঞ্জ ২', 'পাপ', 'লাভেরিয়া', 'রকি', ইত্যাদির মতো বাংলা ছবিতে কাজ করেছেন দেব, সোহম চক্রবর্তীর মতো তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে। এছাড়া তিনি নজর কেড়েছেন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'দেবো কী দেব মহাদেব' -এ। সেখানে তিনি পার্বতীর চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া তিনি একাধিক সিনেমাতেও কাজ করেছেন। ২০২০ সালের ১৫ এপ্রিল রেজিস্ট্রি করেন পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ভার্মা। ২০২১ সালের ১৫ নভেম্বর গোয়ায় রীতিনীতি মেনে সাতপাকে বাঁধা পড়েন। কুণাল পেশায় অ্যাঙ্কর। তাঁদের চেকে কৃষিভ ৯ অক্টোবর ২০২০ সালে জন্মগ্রহণ করে। ছেলেকে কোলে নিয়েই সাতপাক ঘুরেছিল এই তারকা জুটি।















