সামনেই মুক্তি পাচ্ছে 'অভিমান'। বড়পর্দায় প্রথমবার রকস্টারের ভূমিকায় ধরা দেবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গিটার হাতে তাঁকে মঞ্চ কাঁপাতে দেখা যাবে। কিন্তু একি! দর্শক, তাঁর অনুরাগীরা তাঁর সেই রূপ বড় পর্দায় চাক্ষুষ করার আগেই একদম এক নতুন মেজাজে ধরা দিলেন! কী ঘটালেন?
'অভিমান' ছবিটি মুক্তির আগে একটি ঘরোয়া আড্ডায় একত্রিত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাঁর স্ত্রী তথা অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সৌরভ দাস, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দর্শনা বণিক, প্রমুখ। আর সেই আড্ডাই জমে উঠেছিল গানের সুরে। এদিন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে অর্পিতা চট্টোপাধ্যায় মাইক হাতে গান গাইছেন। আর তাঁর সেই গানের তালে কাহন বাজাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যদিকে আরও দুই বাদ্যযন্ত্র বাজাতে দেখা যাচ্ছে সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তকে। অর্পিতার গানের সুরে গলা মেলাচ্ছেন লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হাসি মজায় মেতে উঠেছেন সকলে। আগামী ১৯ জুন মুক্তি পাচ্ছে 'অভিমান', তার আগে তাঁদের ঘরোয়া আড্ডার ঝলক নজর কাড়ল নেটপাড়ার।
চলতি বছরের গোড়ার দিকে ঘোষণা করা হয়েছিল 'অভিমান' ছবিটির। সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াসের প্রযোজনায় আসছে ছবিটি। প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই ফের ফিরছে ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিচালক-অভিনেত্রী জুটি। 'গৃহপ্রবেশ' ছবির তুমুল সাফল্যের পর আরও একবার হাত মেলালেন তাঁরা। মুখ্য চরিত্রে প্রসেনজিৎ-শুভশ্রী-যিশু। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিক, অনন্যা ব্যানার্জি,অরিজিতা মুখার্জি, প্রমুখকে। জানা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি। আগামী ১৯ মে বড়পর্দায় আসছে 'অভিমান'।
ছবিতে রকস্টার প্রসেনজিৎ। তাঁর চরিত্রের নাম 'আকাশ চ্যাটার্জি'। বিবাহবিচ্ছেদের যন্ত্রণা আর অবসাদ গ্রাস করে তাকে। আর তার ফলে হারিয়ে যায় তার কেরিয়ার। সেই সঙ্গে হারিয়ে যায় একটা অধ্যায়ও। গল্পে প্রসেনজিৎ-এর চরিত্রটির অ্যালজাইমার ধরা পড়ে। তারপর একদিন নিরুদ্দেশ হয়ে যায় সে। অন্যদিকে, যিশু ও শুভশ্রীর সম্পর্কেও দূরত্ব তৈরি হয়। গল্পে শুভশ্রীর চরিত্রের নাম 'শ্রী'। যিশুর সঙ্গে তার চরিত্রের দূরত্ব বাড়লেও প্রসেনজিতের চরিত্রের সঙ্গে তার অমোঘ টান ফুটে উঠল টিজারে। আবার বৃষ্টিতে ভিজে যিশুর সঙ্গে রোম্যান্স করতেও দেখা গেল শুভশ্রী গাঙ্গুলিকে। সব মিলিয়ে সম্পর্কের টানাপোড়েনে যে এগোবে ছবি, তা বোঝাই যাচ্ছে।
















