ফের ফিরছে ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিচালক অভিনেত্রী জুটি। 'গৃহপ্রবেশ' ছবির তুমুল সাফল্যের পর আরও একবার হাত মেলালেন তাঁরা। কিন্তু একি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং যিশু সেনগুপ্তর উপর 'অভিমান' করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়!
না না, ঘাবড়াবেন না। বাস্তবে এমন কিছু ঘটেনি। বরং যা ঘটবে পর্দায়। 'অভিমান' তাঁদের আসন্ন ছবির নাম। ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় আসছে 'অভিমান'। মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিক, অনন্যা বন্দ্যোপাধ্যায়, প্রমুখ।
যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস প্রোডাকশন হাউজের তরফে এই ছবি আসছে। এদিন ছবির কলাকুশলীদের সাদা পোশাকে শুভ মহরতের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখে যায়।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় সাদা ফুল স্লিভ আনারকলি পরে এসেছিলেন। গলায় ছিল লাল রঙের চোকার। যিশু সেনগুপ্ত সাদা পাঞ্জাবি, পায়জামা পরেছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরনেও ছিল সাদা পোশাক।
এদিন অভিমান ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়। সেখানে সপরিবারে হাজির ছিলেন 'মন্টু পাইলট'। এসেছিলেন সৃজিত মুখোপাধ্যায়ও।

ছবির শুভ মহরত হতেই প্রকাশ্যে এসেছে 'অভিমান' ছবির মোশন পোস্টার। সেখানে দেখা যাচ্ছে একটি ফাঁকা প্রেক্ষাগৃহে গিটার, গোলাপ এবং টুপি রাখা। সঙ্গে ক্যাপশনে লেখা, 'আমার, তোমার, আপনার অভিমান'। অনুমান করা হচ্ছে চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি।
https://www.instagram.com/reels/DVNmCtMCYFk/
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দর্শক শেষবার 'বিজয়নগরের হীরে' ছবিতে দেখেছেন। 'কাকাবাবু' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি এটি। বক্স অফিসে ভালই সাড়া পেয়েছে। অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে দেখা গিয়েছে। 'অভিমান' ছাড়াও তাঁর হাতে রয়েছে 'ওয়েটিং রুম' এবং দেবের সঙ্গে তাঁর 'দেশু ৭'। যিশু সেনগুপ্তও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে ছিলেন।
