আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই বড়পর্দায় আসছে 'অভিমান'। এই ছবিতে একেবারে অন্যরকম একটা লুকে ধরা দেবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রকস্টারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবি মুক্তির আগেই তাঁর এই লুকস নিয়ে চর্চার শেষ নেই। এবার আজকাল ডট ইনকে 'ইন্ডাস্ট্রি' নিজেই জানালেন কার থেকে তিনি এই লুকস, এনার্জি কপি করেছেন।
'অভিমান' ছবির লুকস প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, "এই ছবিটা যখন আমি ফাইনাল করি তার আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম, কারণ গল্পটা আমাকে অনেক আগে থেকেই শোনানো হয়েছিল। প্রস্তুতি লুকসের উপর নিয়েছি, এছাড়া শরীরী ভাষা, এনার্জি লেভেলের উপরেও কাজ করেছি। কারণ আমি বুঝেছিলাম, এমআই একটা আধুনিক, রকস্টারের চরিত্রে অভিনয় করতে চলেছি, যা আমি আগে কখনও করিনি। গায়ক করেছি কিছু ছবিতে। কিন্তু এটা একটা পিরিয়ড।" তাঁর আরও সংযোজন, "এই পিরিয়ডে আমরা ছোটবেলায় দেখেছি রঞ্জনদাকে (রঞ্জন ঘোষাল)। স্টেজে দাঁড়ালে বাঘের মতো। এখন অবশ্যই রূপম (রূপম ইসলাম)। আমি রূপমকে বলেওছিলাম, আমি কিন্তু তোমায় কপি করছি হ্যাঁ? ওর এনার্জি লেভেল স্টেজে ফ্যাবুলাস।"
অভিমান ছবির জন্য কী কী প্রস্তুতি নিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? তাঁর কথায়, "একটা চরিত্রকে জ্যান্ত করে তুলতে যা যা করতে হয় আমি সেটা করার চেষ্টা করেছি।" 'বুম্বাদা' জানান তাঁর এই লুকস দেখে নাকি তাঁকে চিনতেই পারেননি তাঁর বাবা, বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। এই বিষয়ে বাবার সঙ্গে কথোপকথনের স্মৃতি হাতড়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, "এই ক'দিন আগেই আমি পদ্মশ্রী নিয়ে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, উনি বললেন এটা কি তুমি? ওঁকে বোধহয় কেউ দেখিয়েছেন। উনি বিশ্বাসই করতে পারছিলেন না যে ওটা আমি। উনি অত সোশ্যাল মিডিয়া দেখেন না। বাবা আমায় বললেন, 'আমার তো প্রথমে মনে হল বিদেশের কারও একজনের ছবি দেখাচ্ছে। এটা কি তুমি?' আমি বললাম হ্যাঁ। ওটা আমাকে আরও বেশি ভাল লাগা দিয়েছে। বাপি যদি চিনতে না পারে, তার মানে সঠিক ট্র্যাকে আছি।"
চলতি বছরের গোড়ার দিকে ঘোষণা করা হয়েছিল 'অভিমান' ছবিটির। সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াসের প্রযোজনায় আসছে ছবিটি। প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই ফের ফিরছে ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিচালক-অভিনেত্রী জুটি। 'গৃহপ্রবেশ' ছবির তুমুল সাফল্যের পর আরও একবার হাত মেলালেন তাঁরা। মুখ্য চরিত্রে প্রসেনজিৎ-শুভশ্রী-যিশু। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিক, অনন্যা ব্যানার্জি,অরিজিতা মুখার্জি, প্রমুখকে। জানা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি। আগামী ১৯ মে বড়পর্দায় আসছে 'অভিমান'।
ছবিতে রকস্টার প্রসেনজিৎ। তাঁর চরিত্রের নাম 'আকাশ চ্যাটার্জি'। বিবাহবিচ্ছেদের যন্ত্রণা আর অবসাদ গ্রাস করে তাকে। আর তার ফলে হারিয়ে যায় তার কেরিয়ার। সেই সঙ্গে হারিয়ে যায় একটা অধ্যায়ও। গল্পে প্রসেনজিৎ-এর চরিত্রটির অ্যালজাইমার ধরা পড়ে। তারপর একদিন নিরুদ্দেশ হয়ে যায় সে। অন্যদিকে, যিশু ও শুভশ্রীর সম্পর্কেও দূরত্ব তৈরি হয়। গল্পে শুভশ্রীর চরিত্রের নাম 'শ্রী'। যিশুর সঙ্গে তার চরিত্রের দূরত্ব বাড়লেও প্রসেনজিতের চরিত্রের সঙ্গে তার অমোঘ টান ফুটে উঠল টিজারে। আবার বৃষ্টিতে ভিজে যিশুর সঙ্গে রোম্যান্স করতেও দেখা গেল শুভশ্রী গাঙ্গুলিকে। সব মিলিয়ে সম্পর্কের টানাপোড়েনে যে এগোবে ছবি, তা বোঝাই যাচ্ছে।















