খুব শিগগিরই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্যি পেতে চলেছে ‘দ্য ব্লাফ’। সেই ছবিতে অন্যতম মুখ্যভূমিকায় দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। ছবিতে তিনি অভিনয় করছেন এক প্রাক্তন জলদস্যুর চরিত্রে, যাকে অনেকে ‘ব্লাডি মেরি’ নামে চেনে। এই ছবির প্রচারে গিয়ে সম্প্রতি শৈশবের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরলেন অভিনেত্রী, যেখানে তাঁর মা মধু চোপড়া যেন বাস্তবেই হয়ে উঠেছিলেন তাঁর রক্ষাকর্তা। মায়ের সেই ভয়াল রূপের অজানা কথা-ই এবার তুলে ধরলেন প্রিয়াঙ্কা।

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, তখন তাঁর বয়স মাত্র ১১। দিল্লির একটি হোটেলে থাকার সময় মা-মেয়ে একটি ট্যাক্সিতে যাচ্ছিলেন। হঠাৎই চালক এমন একটি রাস্তা ধরেন, যা প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার পরিচিত ছিল না। চালক জানান, সেটি শর্টকাট। কিন্তু পরিস্থিতি অস্বস্তিকর মনে হওয়ায় মুহূর্তের মধ্যেই সতর্ক হয়ে ওঠেন প্রিয়াঙ্কার মা।
প্রিয়াঙ্কার কথায়,“হঠাৎ দেখি মা পিছন থেকে চালকের গলা একদম চেপে ধরেছেন। তারপর ওই অবস্থাতেই চালককে মা বললেন, ‘এই রাস্তা আমি চিনি। তোমার গাড়িতে আমরা দু’জন একা আছি। চুপচাপ প্রধান রাস্তায় ফিরে ছিল এখনই।’”
শুধু তাই নয়, চালককে এরপর ঠাটিয়ে চড়ও মারেন মধু চোপড়া এবং তাঁকে বাধ্য করেন আগের রাস্তায় ফিরতে। প্রিয়াঙ্কা বলেন,“মায়ের ওই রূপ আমি আগে কখনও দেখিনি। এরপর চার মাস আমি তাঁর সঙ্গে কোনও বিষয়ে তর্কই করিনি! পরে বুঝেছি, আমি পাশে ছিলাম বলেই মা এতটা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। হোটেলে ফেরার পর তাঁকে রীতিমতো কাঁপতে দেখেছিলাম।”
এদিকে দ্য ব্লাফ ছবিতে প্রিয়াঙ্কা অভিনয় করছেন এরসেল বোডেন নামের এক প্রাক্তন জলদস্যুর ভূমিকায়, যিনি অতীতের ছায়া থেকে পরিবারকে রক্ষা করার লড়াইয়ে নামেন। উনিশ শতকের শেষভাগের ক্যারিবিয়ান প্রেক্ষাপটে তৈরি ছবিটি পরিচালনা করেছেন ফ্র্যাঙ্ক ই ফ্লাওয়ার্স । চিত্রনাট্য লিখেছেন ফ্র্যাঙ্ক ই ফ্লাওয়ার্স ও জো ব্যালারিনি।
প্রিয়াঙ্কা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন দ্য বয়েজ সিরিজ খ্যাত কার্ল আরবান, ইসমাইল ক্রুজ কর্ডোভা,সাফিয়া অকলে-গ্রিন এবং তেমুয়েরা মরিসন। ছবিটির স্ট্রিমিং শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকেই।
২০২৫ সালে Heads of State ছবিতে শেষবার দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। সামনে রয়েছে আরও কয়েকটি আন্তর্জাতিক প্রজেক্ট— Jজাজমেন্ট ডে এবং আ ভেরি জোনাস ক্রিসমাস ছবিতে একটি বিশেষ উপস্থিতি।
একই সঙ্গে ভারতীয় সিনেমাতেও প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এস এস রাজামৌলি পরিচালিত বারাণসী ছবিতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা, যেখানে তাঁর সঙ্গে থাকছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। ছবিতে প্রিয়াঙ্কা অভিনয় করছেন ‘মন্দাকিনী’ চরিত্রে, মহেশ বাবু ‘রুদ্র’ এবং পৃথ্বীরাজ খলনায়ক ‘কুম্ভ'-¬¬র ভূমিকায়। ছবিটি মুক্তি পাবে ৭ এপ্রিল, ২০২৭ সালে।
&t=313s
অতীতের ভয়, বর্তমানের সংগ্রাম আর ভবিষ্যতের বড় পরিকল্পনা, সব মিলিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার জীবন যেন সিনেমার চেয়েও কম নাটকীয় নয়।
