টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা
অস্কারের মঞ্চে ফের এক ভারতীয় নক্ষত্রের উজ্জ্বল উপস্থিতি! ২০২৬ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে উপস্থাপক হিসেবে মঞ্চ আলো করে দাঁড়াবেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া। শুধু তাই নয়, হলিউডের বাঘা বাঘা তারকাদের পাশেই দেখা যাবে তাঁকে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এবারের অস্কারের উপস্থাপকদের তালিকায় নাম রয়েছে রবার্ট ডাউনি জুনিয়র, গিনেথ প্যালট্রো এবং অ্যান হ্যাথাওয়ের মতো কিংবদন্তিদের। প্রিয়াঙ্কার এই সাফল্য কেবল তাঁর ব্যক্তিগত নয়, বরং বিশ্ব চলচ্চিত্রে ভারতীয়দের ক্রমবর্ধমান দাপটের এক অনন্য নিদর্শন। এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন অভিনেত্রী।
বাড়ি বিক্রি করলেন প্রীতি জিন্টা
বলিউডের ‘ডিম্পল গার্ল’ প্রীতি জিন্টা আপাতত রুপোলি পর্দা থেকে কিছুটা দূরে থাকলেও শিরোনামে তাঁর উপস্থিতি কমেনি। তবে এবার কোনও ছবির জন্য নয়, বরং মুম্বইয়ের অভিজাত এলাকায় নিজের একটি বিলাসবহুল আবাসন বিক্রি করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। বান্দ্রার পালি হিল এলাকায় অবস্থিত তাঁর এই ফ্ল্যাটটি প্রায় ১৮.৫ কোটি টাকায় বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। প্রীতির এই ফ্ল্যাটটি পালি হিলের নার্গিস দত্ত রোডে অবস্থিত ‘পরিশ্রম’ নামক বহুতলের ১১ তলায় অবস্থিত। জানা গিয়েছে, প্রায় ১৯৭.৫ বর্গমিটার আয়তনের এই অ্যাপার্টমেন্টটির সাথে তিনটি গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে। যদিও এই ফ্ল্যাটটি প্রীতি সরাসরি কেনেননি। আবাসনটির পুনর্গঠন বা রি-ডেভেলপমেন্ট প্রক্রিয়ার অংশ হিসেবে সোসাইটির পক্ষ থেকে তাঁকে এটি বরাদ্দ করা হয়েছিল। ২০২৩ সালের অক্টোবর মাসে তিনি এই ফ্ল্যাটটির মালিকানা হাতে পান। এখন কয়েক মাসের ব্যবধানেই মোটা অঙ্কের বিনিময়ে সেটি অন্যের হাতে তুলে দিলেন তিনি। নথিপত্র অনুযায়ী, এই বিলাসবহুল ফ্ল্যাটটি কিনেছেন ভারতীয় বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিক- প্রিয়া রাজীব নগর এবং রাজীব যোগেশ নগর।
'হীর' হবেন সারা?
বলিউডে কান পাতলে এখন একটাই গুঞ্জন— ইমতিয়াজ আলির আগামী ছবি 'হীর রাঞ্ঝা'-তে কি দেখা যাবে সারা অর্জুনকে? রণবীর সিং-এর সঙ্গে 'ধুরন্ধর' ছবিতে অভিনয় করে সারা ইদানীং তুমুল আলোচনায়। এবার শোনা যাচ্ছে, পঞ্জাবি লোককথার ওপর ভিত্তি করে তৈরি হতে চলা এই আধুনিক প্রেমের কাহিনিতে 'হীর' হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। সম্প্রতি ভালবাসা দিবসে এই নতুন প্রজেক্টের কথা ঘোষণা করেছেন ইমতিয়াজ আলি এবং একতা কাপুর। যদিও ছবিটি পরিচালনা করবেন সাজিদ আলি। অন্যদিকে 'রাঞ্ঝা'র চরিত্রের জন্য রোহিত সারাফের নাম শোনা যাচ্ছে। তবে সবকিছুই নির্ভর করছে সারা এবং রোহিতের অনস্ক্রিন কেমিস্ট্রির ওপর। যদি সব ঠিক থাকে, তবে ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ শুরু হবে ছবির শুটিং।
