দর্শকের কাছে মনোরঞ্জনের অন্যতম মাধ্যম যেহেতু ওটিটি-ই।‌ তাই ওটিটির সিরিজের ঘরানায় আসছে নতুনত্ব। বিভিন্ন ওটিটি ও চ্যানেলের উদ্যোগে আসছে মাইক্রো ড্রামা। রিলের আকারে কয়েক মিনিটেই শেষ হবে এক একটি পর্ব।‌ এরকম বেশ কয়েকটি পর্ব মিলিয়ে তৈরি হবে মিনি সিরিজ বা মাইক্রো ড্রামা। এই নতুন ঘরানা দর্শকের থেকে দারুণ প্রতিক্রিয়া পাবে বলে আশা করছেন নির্মাতারা। এই উদ্যোগের সঙ্গে হাত মিলিয়েছেন বহু টলি তারকারা। এই ধরনের প্রজেক্টকে 'ভার্টিকাল সিরিজ' নাম দিয়েছেন নির্মাতারা। 

সিনে মা প্রাইভেট লিমিটেডের ব্যানারে আসছে এরকমই এক ভার্টিকাল সিরিজ। নাম, 'মিস্টার অ্যান্ড মিসেস হোমস'। মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে প্রান্তিক ব্যানার্জি ও অ্যানমেরি টমকে। এছাড়াও গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অস্মিতা খান ও ইন্দ্রজিৎ ঘোষকে। চিত্রনাট্য লিখেছেন সপ্তর্ষি ঘটা। পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুরাগ পতি। ক্যামেরার দায়িত্ব সামলেছেন সৌরভ চ্যাটার্জি। 

এই ভার্টিকাল সিরিজের গল্পে প্রান্তিক ও অ্যানমেরীকে দেখা যাবে প্রেমিক যুগল হিসেবে। দু'জনকে এই প্রথমবার জুটি হিসেবে একফ্রেমে দেখবেন দর্শক। গল্প এগোবে এই জুটির প্রেম ও টানাপোড়েন নিয়ে। এক কথায় রোমান্টিক-কমেডি ঘরানার দিকেই এগোবে এই সিরিজের গল্প। টলিপাড়ার অন্দরের খবর, ইতিমধ্যেই শুটিং শেষ হয়েছে এই সিরিজের। কলকাতা ও আশপাশের অঞ্চলে চলেছে শুটিং। সমুদ্র সৈকতেও হয়েছে সিরিজের কিছু দৃশ্যের শুটিং। খুব তাড়াতাড়ি আড্ডাবাজ-এর প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে 'মিস্টার অ্যান্ড মিসেস হোমস'। 

প্রসঙ্গত, প্রান্তিক ছোটপর্দা, বড়পর্দার পরিচিত মুখ। কাজ করেছেন বহু ওটিটি সিরিজেও। অন্যদিকে অ্যানমেরির পথ চলা শুরু হয় টেলিভিশনের মাধ্যমে। সেখানেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর ওটিটিতেই মন দিয়েছেন অভিনেত্রী। জানা যাচ্ছে প্রান্তিক ও অ্যানমেরীকে এই প্ল্যাটফর্মের আরও একটি ভার্টিকাল সিরিজে দেখা যেতে চলেছে। তবে গল্প অনুযায়ী সেখানে তাঁদের চরিত্র সম্পূর্ণ আলাদা।