অভিনেতা প্রকাশ রাজের ‘রামায়ণ’ সংক্রান্ত একটি মন্তব্য ঘিরে নতুন করে উত্তাল জাতীয় রাজনীতি ও বিনোদন জগত। জানুয়ারি মাসে কেরল লিটারেচার ফেস্টিভ্যালে তাঁর দেওয়া একটি বক্তব্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে ফৌজদারি মামলা।
ঠোঁটকাটা এবং স্পষ্টবক্তা হিসেবে পরিচিত দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। এবার ফের আইনি জটিলতাযর মাঝখানে পড়লেন অভিনেতা। রামায়ণ নিয়ে তাঁর একটি পুরনো মন্তব্য নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠায় বিপাকে পড়েছেন তিনি। গত ১৬ এপ্রিল অমিতা সচদেব নামে এক আইনজীবী তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন, যেখানে দাবি করা হয়েছে যে অভিনেতা সজ্ঞানে সনাতন ধর্ম এবং হিন্দু দেব-দেবীদের অপমান করেছেন।
তা কী বলেছিলেন প্রকাশ রাজ? চলতি বছরের শুরুতে কেরাল লিটারেচার ফেস্টিভ্যালে একটি ছোটদের নাটকের প্রসঙ্গ টেনে প্রকাশ রাজ রামায়ণের একটি কাল্পনিক ও আধুনিক সংস্করণ শোনান। সেখানে তিনি বলেন, রাম ও লক্ষ্মণ যখন রাবণের বাগান থেকে ফল খাচ্ছিলেন, তখন রাবণ ও শূর্পণখা সেখানে উপস্থিত হন। শূর্পণখা ফলের দাম হিসেবে ‘২০০০ টাকা এবং জিএসটি’ দাবি করেন। রাম-লক্ষ্মণ টাকা নেই জানালে রাবণ তাঁদের বলেন, ফলের বদলে ফলের বীজ পুঁতে গাছ বড় করে তারপর যেন তাঁরা ফিরে যান।
রসিকতার মোড়কে এই মন্তব্যে প্রকাশ রাজ পরোক্ষভাবে ‘উত্তর বনাম দক্ষিণ’ বিভাজনের ইঙ্গিত দিয়েছেন বলেও অনেকে মনে করছেন। ওই একই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, উত্তর ভারতের মানুষের দক্ষিণে এসে কাজ করে ফিরে যাওয়া উচিত; তাঁদের ‘এক দেশ এক নির্বাচন’-এর মতো বিষয় নিয়ে কথা বলা সাজে না।
আইনজীবী অমিতা সচদেব তাঁর অভিযোগে জানিয়েছেন, “আমাদের ভগবান এবং সনাতন ধর্মের অপমান আর সহ্য করা হবে না। এই ধরণের প্রচারমূলক বিদ্বেষ ছড়ানোর একটি সীমা থাকা উচিত।” সূত্রের খবর, প্রকাশ রাজের বিরুদ্ধে ইতিমধ্যেই একটি ফৌজদারি মামলা রুজু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অভিনেতার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।















