দেখতে দেখতে ৫০০ পর্ব পার জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'র। পারুল ও রায়ানের গল্প দেখতে শুরু থেকেই দারুণ পছন্দ করেন দর্শক মহল। ধারাবাহিক জনপ্রিয়তা পেলে বিভিন্ন ভাষায় তার রিমেক তৈরি হয়। 'পরিণীতা'র ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। এই মেগাও তিন তিনটে ভাষায় রিমেক হয়েছে। সদ্য জানা গিয়েছে, এর তিন নম্বর রিমেকের কথা। জানা যাচ্ছে, এবার মালায়লামে রিমেক হচ্ছে এই ধারাবাহিকের। নাম 'প্রণয়াভিলাশম'। 

৫০০ পর্বে পা দিয়ে যেন আরও এক নতুন মাইলফলক জুড়ল 'পরিণীতা'র মুকুটে। এই ধারাবাহিকের পরিচালক কৃষ বসু সমাজমাধ্যমে দর্শকের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন সাফল্যের জন্য। বর্তমানে যেখানে কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় ধারাবাহিক, সেখানে প্রায় দু'বছর পার করা মুখের কথা নয়। ৫০০ পর্বের এই যাত্রা যেন আরও সুদূর প্রসারী হয়, সেই কামনাই করছেন পরিচালক। 

এক সময় রেটিং চার্টে একচেটিয়া প্রথম স্থান দখল করে থাকত এই ধারাবাহিক। মাঝে টিআরপিতে সেভাবে জায়গা ধরে রাখতে পারছিল না। তবে গল্পের মোড়ে আবারও নিজের হারানো জায়গা এখন ফিরে পেয়েছে পারুল-রায়ান। তবে অনুরাগীদের একটাই আক্ষেপ রয়ে গিয়েছে এই মেগাকে নিয়ে। এখনও পর্যন্ত নায়ক-নায়িকার মিল দেখানো হয়নি। বারবার কাছে এসেও দূরে চলে যায় তারা। কবে হবে পারুল-রায়ানের মিল? মাঝেমধ্যেই প্রশ্ন ওঠে নেট পাড়ায়। তবে জবাব এখনও পর্যন্ত অধরা। অনেকের মতে, রগরগে রোম্যান্স দেখানো হচ্ছে না বলেই নাকি এই ধারাবাহিকের জনপ্রিয়তা এত বেশি।

প্রসঙ্গত, পারুলকে ভালবাসার কথা বলতে গিয়েও বলতে পারেনি রায়ান। কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল নিখোঁজ রায়ান। জঙ্গিদের খপ্পরে পড়েছিল সে‌। পরে পারুল গিয়ে রায়ানকে উদ্ধার করে নিয়ে আসে‌। সেই টানটান উত্তেজনাপূর্ণ পর্ব দারুণ জমেছিল। এবার গল্পে আসছে আরও বড় চমক‌। রায়ান পারুলের কাছে ক্ষমা চায় বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। পারুল উল্টে তাকে এক চড় কষায়। পারুল রায়ানকে বলে যে, কর্পোরেটে থেকে সে কিছুতেই তাকে হারাতে পারবে না। তাই রায়ান যেন তার স্বপ্নপূরণ করে, থিয়েটার জয়েন করে। তারপর সে তার মনের মানুষের কাছে চলে যাবে, পারুল তাকে বাধা দিতে আসবে না। পারুলের কথা শুনে প্রথমে রাজি হয় না রায়ান। পরে দেখা যায় রুক্মিণীদের সঙ্গে নিয়ে রায়ান থিয়েটার শুরু করেছে। দলের নাম দিয়েছে বসু থিয়েটার। রায়ানের নতুন পথ চলায় পাশে বরাবরের মতো আছে পারুল।

এবার কি রায়ান পারবে পারুলকে মনের কথা জানিয়ে দিতে? নাকি এবারও দু'জনের মনোমালিন্য বজায় থাকবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।