বিরাট মোড় আসছে জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো'তে। এতদিনে সুদেব একটু একটু করে বুঝতে পেরেছে যে লাজবন্তীর জীবনে তার জায়গাটা ফিকে হয়ে এসেছে। সেই জায়গায় এখন এসেছে অনুভব। এই কথা বুঝতে পারলেও এতদিন চুপ করেই ছিল সুদেব। চেষ্টা করছিল লাজুকে মানিয়ে নিয়ে সংসার করার। কিন্তু সুদেবের সংসারে আর কিছুতেই মন টেকে না লাজুর। দিনরাত সে শুধু পড়াশোনা আর অনুভবের কথাই ভাবতে থাকে।
এবার গল্পে আসছে টানটান উত্তেজনাপূর্ণ মোড়। সদ্য প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, লাজুকে অনুভব কলেজ থেকে বাড়িতে নামিয়ে দিয়ে যায়। লাজু তাকে ধন্যবাদ জানায়। এদিকে, লাজুকে অনুভবের গাড়ি থেকে নামতে দেখে বেজায় চটে যায় সুদেব। সে লাজুকে জিজ্ঞাসা করে কার সঙ্গে বাড়ি ফিরেছে সে? লাজু কথা ঘোরাতে গেলে রাগের মাথায় সুদেব তাকে এক চড় মারে। লাজু সুদেবের এই রূপ দেখে তাকে আরও কথা শোনায়। সুদেবের মা এসে জানায় লাজুকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। লাজুও ভয় না পেয়ে জানিয়ে দেয়, সুদেবের সঙ্গে সে আর থাকবে না, চলে যাবে।
কিন্তু সুদেবের সংসার ছেড়ে কোথায় যাবে লাজু? ফের আশ্রয় নেবে কলকাতায় অনুভবদের বাড়িতেই? কী করবে এবার বনলতা? প্রকাশ্যে আসা নতুন প্রোমো দেখে এখন এসব প্রশ্ন ঘুরছে দর্শকের মনে।
প্রসঙ্গত, কিছুদিন আগে গল্পে দেখানো হয়েছিল লাজুর সঙ্গে সুদেবের কথা কাটাকাটিতে লাজুকে ধাক্কা দেয় সে। পড়ে গিয়ে খাটের কোনায় কপালে চোট লাগে তার। এদিকে ধুম জ্বর আসে লাজুর। কলেজের সেমিস্টার দিতে পারে না সে। অনুভবকে ভয়ে সে কথা লাজু না জানালেও অনুভব কলেজে গিয়ে সবটা বুঝে যায়। এদিকে, বনলতা সুদেবকে উসকে দেয় বারবার। তাকে কলকাতায় ভাড়া নিয়ে থাকার জন্য ব্যবস্থা করে দিতে চায়, যাতে লাজু আর তাদের বাড়িতে না আসে। এদিকে, গল্পের নতুন মোড়ে সবটাই ওলটপালট হয়ে যায়। কী হবে আগামীতে? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা।
















