বিয়ের আসরে মৃত্যুমুখে ঢলে পড়ল পাত্র! অস্বাভাবিক মৃত্যু, অর্থাৎ খুন নাকি স্বাভাবিক মৃত্যু? ডাক্তারি রিপোর্ট বলছে প্রথমটাই। তাহলে কে হত্যা করল রাজা মণীন্দ্র চন্দ্র নন্দীকে? সন্দেহ, রহস্য ঘনাতেই, পুলিশের সন্দেহের জালে ৭!  আসছে উইন্ডোজ প্রোডাকশন হাউজের নতুন ছবি 'ফুল পিসি ও এডওয়ার্ড'। চলতি মাসের শেষে মুক্তি পাবে ছবিটি। তার আগে এদিন প্রকাশ্যে এল ছবির ঝলক। 

গল্প আবর্তিত হবে রাজা মণীন্দ্র চন্দ্র নন্দীকে ঘিরে। তিনি মৃত্যু পথযাত্রী। কিডনি খারাপ। ইতিমধ্যেই দুই বার বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর এক ছেলে হলেও, দ্বিতীয় স্ত্রী নিঃসন্তান। আবার তাঁর কিডনির সঙ্গে মণীন্দ্রর রিপোর্ট ম্যাচ করেনি। ফলে দ্বিতীয়া স্ত্রী রাজার কোনও কাজেই লাগেনি। এদিকে সেই রাজমহলে যত ছেলেমেয়ে আছে, বিশেষ করে মেয়েরা, তাদের রাজা নিজের সম্পত্তি ভাবে। তাই সন্তান পাওয়ার আশা এবং কিডনি পাবেন, এই লোভে দ্বিতীয় স্ত্রীর বোনকে বিয়ে করতে চান তিনি। এদিকে বিয়ের পিঁড়িতেই মৃত্যু হয় তার। ডাক্তার বলছে অস্বাভাবিক মৃত্যু। তাহলে খুন করল কে? তিন স্ত্রীর একজন, বাইজি, ছেলে, ভাই, নাকি ফুল পিসি? এই উত্তরই মিলবে ছবিতে। 

রাজা মণীন্দ্র চন্দ্র নন্দীর ভূমিকায় থাকবেন অর্জুন চক্রবর্তী। পর্দায় তাঁর প্রথম স্ত্রী হয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় জন রাইমা সেন। আর তৃতীয় এবং হবু স্ত্রী হতে চলেছিলেন শ্যামৌপ্তি। তাঁর দিদির ভূমিকা তথা ফুল পিসি হিসেবে দেখা যাবে সোহিনী সেনগুপ্তকে। নর্তকীর ভূমিকায় অনন্যা চট্টোপাধ্যায়, আর মণীন্দ্রর ছেলে ও ভাইয়ের ভূমিকায় যথাক্রমে সৌম্য মুখোপাধ্যায় ও সাহেব চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে অনামিকা সাহা, ঋষভ বসু। এই চরিত্রগুলোর কার সঙ্গে কী রসায়ন, কেই বা খুন করল রাজাকে সেটা বোঝা যাবে বড়পর্দায়। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, উইন্ডোজ প্রোডাকশন হাউজ প্রযোজিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ছবি 'ফুল পিসি ও এডওয়ার্ড' মুক্তি পাবে ২৯ মে।