টিআরপি তালিকা আসা মানেই এক নম্বরে 'পরিণীতা'র নাম জ্বলজ্বল করতে দেখা যাওয়া। বিগত কয়েক সপ্তাহ ধরে একই জিনিস ঘটে আসছে, এমনকী আগেও ঘটেছে। কিন্তু জানেন কি এই ধারাবাহিকের নায়ক নায়িকার একটা সময় কোনও কথা হতো না?

'পরিণীতা' ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা যাচ্ছে ঈশানি চট্টোপাধ্যায়কে। তাঁর বিপরীতে রয়েছেন উদয় প্রতাপ সিং। তাঁদের অনস্ক্রিন রসায়ন জমে ক্ষীর। কিন্তু একটা সময় উদয়কে তুমুল ভয় পেতেন ঈশানি! বলতেন না কথাও? কিন্তু কেন? নিজেই এদিন সমাজমাধ্যমে জানালেন সবটা। 

'পরিণীতা'র লুক সেটের একগুচ্ছ ছবি পোস্ট করে এদিন সেই দিনের স্মৃতি হাতড়ে পর্দার 'পারুল' তথা ঈশানি লেখেন, 'রিয়েল লাইফের প্রথম দেখা! এই ছবিগুলো আমার আর উদয়দার প্রথম দেখা হওয়ার স্মৃতি। তখনও ব্যক্তিগতভাবে কেউ কাউকে চিনি না। রায়ান, পারুলও হয়ে উঠিনি। চলছে সবে প্রথম লুকসেট। তখনও আমাদের কোনও আলাপ আলোচনা হয়নি, কিন্তু লুক অ্যাপ্রুভালের জন্য ক্যান্ডিড ছবি তোলার প্রচেষ্টা চলছে জোর কদমে।' তিনি আরও লেখেন, 'একেই আমি নবাগতা তার উপর আমার প্রথম হবু হিরোর পাশে দাঁড়ানো! ভয়ে আমি জর্জরিত। কীভাবে বার্তালাপ শুরু করব সেই চিন্তা ঘুরছে মাথায়।' 

কিন্তু কেন ভয় পেয়েছিলেন 'রায়ান' ওরফে উদয়কে? ঈশানির কথায়, 'তখনই নির্দেশ আসে ক্যান্ডিড ছবির জন্য একে অপরের সাথে কথা বলতে হবে বিভিন্ন ইমোশনে। সেই সময় উদয়দা অ্যাটিটিউড নিয়ে বলে ওঠে 'দুর্গাপুর থেকে এসে কী ভাবছ, বিরাট কিছু করে নেবে?' ব্যাস হয়ে গেল! ভাবলাম ইনি বোধহয় কথায় কোথায় হ্যাটা করবে অথবা নতুন জুনিয়র বলে বুলি করবে! (যদিও ওই কথাটা বলেছিল একেবারেই অন্য সেন্সে, যাতে আমিও রাগে পালটা ঝগড়া করি আর ওই মোমেন্টটা ছবি তে ধরা পড়ে!) এই ভেবে আমি শুটিং চালু হওয়ার এক মাস অবধি উদয়দার সাথে কথা বলার সাহস জুগিয়ে উঠতে পারিনি।' ভয় কাটার স্মৃতি হাতড়ে অভিনেত্রী লেখেন, 'খুব অল্প সময়ের মধ্যেই আমার ভুল ধারণটা দূর হয়ে যায় আর তোমরা যেই উদয়দাকে চেনো তাঁকে আমি চিনে ফেলি! ব্যাস তারপর আর কি..বাকিটা ইতিহাস! উদয়দাকে ঠিক যেমনটা ভেবে ভয় পেয়েছিলাম সে ঠিক তার উল্টো! এতদিন পর এই ছবিগুলো খুঁজে পেয়ে এই ঘটনাটা মনে পরে গেল।' 

প্রসঙ্গত, চলতি সপ্তাহে পরিণীতা ৬.০ নম্বর পেয়ে টিআরপি তালিকায় এক নম্বরে রয়েছে। এটি জি বাংলার পর্দায় দেখা যায়।