পারুলকে ভালবাসার কথা বলতে গিয়েও বলতে পারেনি রায়ান। কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল নিখোঁজ রায়ান। জঙ্গিদের খপ্পরে পড়েছিল সে‌। পরে পারুল গিয়ে রায়ানকে উদ্ধার করে নিয়ে আসে‌। সেই টানটান উত্তেজনাপূর্ণ পর্ব দারুণ জমেছিল। এবার গল্পে আসছে আরও বড় চমক‌। জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'র নতুন প্রোমো ইতিমধ্যেই সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

প্রোমোয় দেখা যাচ্ছে, রায়ান পারুলের কাছে ক্ষমা চায় বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। পারুল উল্টে তাকে এক চড় কষায়। পারুল রায়ানকে বলে যে, কর্পোরেটে থেকে সে কিছুতেই তাকে হারাতে পারবে না। তাই রায়ান যেন তার স্বপ্নপূরণ করে, থিয়েটার জয়েন করে। তারপর সে তার মনের মানুষের কাছে চলে যাবে, পারুল তাকে বাধা দিতে আসবে না। পারুলের কথা শুনে প্রথমে রাজি হয় না রায়ান। পরে দেখা যায় রুক্মিণীদের সঙ্গে নিয়ে রায়ান থিয়েটার শুরু করেছে। দলের নাম দিয়েছে বসু থিয়েটার। রায়ানের নতুন পথ চলায় পাশে বরাবরের মতো আছে পারুল।

এবার কি রায়ান পারবে পারুলকে মনের কথা জানিয়ে দিতে? নাকি এবারও দু'জনের মনোমালিন্য বজায় থাকবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। 

যদিও এর আগে দোলের দিন দাদুর দেওয়া 'ভালবাসার ডোজ' খেয়ে সত্যিটা স্বীকার করতে গিয়েছিল রায়ান। পারুলকে ভালবাসার কথা প্রায় বলেই দিয়েছিল। কিন্তু বলার আগেই তাদের বাড়িতে এসে হামলা করেছিল গুণ্ডার দল। গুলি লেগেছিল রায়ানের দাদা মৈনাকের। সেই নিয়ে হুলস্থুল পড়েছিল বসু বাড়িতে। পরে পারুল জানতে পারে যে এই কাণ্ড ঘটিয়েছিল সংযুক্তা। তাকে সে উচিত শিক্ষাও দিয়েছিল। 

প্রসঙ্গত, টিআরপিতে কয়েক সপ্তাহ ধরে প্রথম স্থানে রয়েছে 'পরিণীতা'। গল্পের টানটান মোড়ে এখন দর্শকের চোখে সেরা জুটি পারুল ও রায়ান।