ছবির ঘোষণার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে রয়েছে ‘হেরা ফেরি ৩’। মাঝে শোনা গিয়েছিল, ছবির তারকাদের মধ্যে আভ্যন্তরীণ সমস্ত মনমালিন্য মিটে গিয়েছে। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হল না। এবার নতুন এক জটিলতার সৃষ্টি হয়েছে। বলিপাড়ায় এখন জোর গুঞ্জন, অভিনেতা পরেশ রাওয়াল আবারও এই বহুল প্রতীক্ষিত ছবি থেকে সরে দাঁড়িয়েছেন।

মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, পরেশ রাওয়াল এই ছবির জন্য নেওয়া সাইনিং অ্যামাউন্ট ১৫ শতাংশ সুদ এবং অতিরিক্ত ক্ষতিপূরণসহ প্রযোজকদের ফেরত দিয়ে দিয়েছেন। এবার এই বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন পরিচালক প্রিয়দর্শন।ছবিতে পরেশ রাওয়ালের থাকা, না থাকা নিয়ে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে প্রিয়দর্শন বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না।”

'হেরা ফেরি ৩' থেকে পরেশের সরে দাঁড়ানোর খবর অবশ্য এবারই প্রথম সামনে আসেনি। ২০২৫ সালেও, এই ছবির অন্যতম অংশীদার অক্ষয় কুমার আচমকা প্রজেক্ট থেকে বেরিয়ে যাওয়ার জন্য এই অভিনেতার বিরুদ্ধে ২৫ কোটি টাকার একটি মামলা ঠুকেছিলেন বলে জানা যায়। যদিও পরে শোনা গিয়েছিল, তাঁদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। 

প্রসঙ্গত, এর আগে ছবির সঙ্গে যুক্ত তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, পরেশ রাওয়ালের মোট পারিশ্রমিক ১৫ কোটি টাকায় চূড়ান্ত হয়েছিল। তবে চুক্তির শর্তে (টার্ম শিট) উল্লেখ ছিল যে, পরেশ রাওয়াল তাঁর বাকি পারিশ্রমিক, অর্থাৎ ১৪.৮৯ কোটি টাকা পাবেন ছবিটি মুক্তি পাওয়ার ঠিক এক মাস পর। বর্ষীয়ান অভিনেতার এই নির্দিষ্ট শর্তটি নিয়ে ঘোর আপত্তি ছিল। তাছাড়া, সিনেমাটির মূল শুটিং শুরু হওয়ার কথা আগামী বছর। এর মানে দাঁড়াচ্ছে, ২০২৬-এর শেষ দিক বা ২০২৭ সালের আগে ‘হেরা ফেরি ৩’ মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম। সহজ কথায়, নিজের অভিনয়ের বাকি টাকা হাতে পাওয়ার জন্য অভিনেতাকে প্রায় দু'বছর অপেক্ষা করতে হত। তাই নাকি ছবি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।