টলিউডের অন্দরে ফিসফাস পরমব্রত চট্টোপাধ্যায় নাকি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন। সম্প্রতি তিনি বঙ্গভূষণ সম্মানও পেয়েছেন। আর এই জল্পনার মাঝেই এদিন তিনি একটি খোলা চিঠি লিখলেন বন্ধুত্ব দীর্ঘজীবী হওয়া নিয়ে। কাকে দিলেন সেই বিশেষ বার্তা?
১৫ মার্চ যিশু সেনগুপ্তর জন্মদিন। এই বছর তিনি ৪৮ বছরে পা দিলেন। টলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি, বলিউড, সর্বত্রই দাপিয়ে কাজ করে চলেছেন। তাঁর জন্মদিন উপলক্ষ্যে এদিন। পরমব্রত দুটো ছবি পোস্ট করে তাঁর জন্য এই বিশেষ বার্তা লিখলেন।
প্রথম ছবিতে দেখা যাচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে দুজনে কাছাকাছি বসে পোজ দিয়েছেন। আর দুটো ছবিতে সিনেমার শুটিং চলাকালীন মুহূর্ত ধরা পড়েছে। এদিন এই ছবিগুলো পোস্ট করে পরমব্রত চট্টোপাধ্যায় লেখেন, 'আমরা একাধিকবার মুখোমুখি হয়েছি, কখনও সহঅভিনেতা হিসেবে, কখনও পরিচালক অভিনেতা জুটি হিসেবে। আর প্রতিবারই শিল্পের প্রতি তোমার যে ভালবাসা সেটা আমায় মনে করিয়ে দিয়েছ।'
পরমব্রত এদিন আরও লেখেন, 'শুভ জন্মদিন যিশু। এই বছরটা খুব ভাল কাটুক তোমার। অনেক ভাল গল্প, ভাল পারফরমেন্স নিয়ে এসো। বন্ধুত্বের এই অভিযান দীর্ঘতর হোক।'
প্রসঙ্গত, এদিন মধ্যরাতে সহকর্মীদের সঙ্গে জোড়া কেক কেটে জন্মদিন উদযাপন করেন যিশু সেনগুপ্ত। তার মধ্যে একটি কেক শুভ জন্মদিন সেরা বস লেখা। আরেকটি কেকে ক্যামেরা, তাঁর ছবি, ইত্যাদি দেখা গিয়েছে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, যিশু সেনগুপ্তকে শেষবার দর্শক লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে দেখেছেন। আগামীতে ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় অভিমান ছবিতে তিনি আসছেন। সেখানে তাঁর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও থাকবেন। এই ছবিটি সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস প্রযোজনা করছে।

প্রসঙ্গত গত বছর ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের সংঘাত চরমে পৌঁছয়। রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করা দিয়ে যে সমস্যার শুরু হয়েছিল, তা শেষ পর্যন্ত বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছয় যেখানে কিছুদিনের জন্য হলেও স্তব্ধ হয়ে যায় টলিপাড়া। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থায় সেই জট কাটে। কিন্তু তাও ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন কিছু পরিচালক। সেখানে নাম ছিল পরমব্রত চট্টোপাধ্যায়েরও। তবে তারপরেই সুর বদলে একেবারেই অন্য কথা জানালেন পরিচালক, অভিনেতা। পরমব্রত চট্টোপাধ্যায় একটি ভিডিও পোস্ট করেন সমাজমাধ্যমে। সেখানে তিনি বস্তুত স্বীকার করে নিয়েছিলেন যে ফেডারেশনের বিরুদ্ধে তাঁরা যে মামলা করেছিলেন সেটা হঠকারী ছিল। শুধু তাই নয়, সেই সিদ্ধান্তকে ভুল বলেও দাবি করেছিলেন তিনি। ফলে, তখন থেকেই গুঞ্জন শুরু হয়েছিল যে এ এবার ঘাসফুল ঘনিষ্ঠ হচ্ছেন তিনি। এবার সেই গুঞ্জন আরও জোরালো হল। তবে এই বিষয়ে নাকি এখনও পর্যন্ত কিছুই জানেন না পরমব্রত। অভিনেতা, পরিচালকের এক ঘনিষ্ঠ সূত্র আজকাল ডট ইন-কে জানিয়েছেন, এই মুহূর্তে মুম্বইয়ে আছেন তিনি, শুটিং করছেন। চলমান এই গুঞ্জন প্রসঙ্গে কোনও সঠিক তথ্য নেই পরমব্রতর কাছে। ফলে এই গুঞ্জনকে আপাতত ভুয়ো বলেই চিহ্নিত করেছেন ওই সূত্র। পরমব্রত চট্টোপাধ্যায় শীঘ্রই ছোটপর্দায় ফিরছেন। জানা গিয়েছে তাঁকে 'কমলা নিবাস' ধারাবাহিকে দেবাদৃতা বসুর বিপরীতে দেখা যাবে।
