শহরের বুকে ঘটাচ্ছে রহস্য! আর সেই রহস্যে জড়িয়ে পড়বেন নাকি রহস্যের ছক ভাঙবেন পরমব্রত, পায়েল? জোর জল্পনা টলিপাড়ায়।‌ ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ আসছে এক জমজমাট থ্রিলার সিরিজ। পরিচালনায় অরিত্র সেন। জানা যাচ্ছে, রোড শো প্রযোজনা সংস্থার ব্যানারে আসছে এই সিরিজ। 

থ্রিলার গল্পের মুখ্য চরিত্রে দেখা যাবে পরমব্রত চ্যাটার্জি, পায়েল সরকার, ভরত কল ও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন অভিনেত্রী জুন মালিয়াও। খবর, ইতিমধ্যেই নাকি শুটিং শুরু হয়ে গিয়েছে এই সিরিজের। তবে এখনও পর্যন্ত সিরিজের নাম চূড়ান্ত হয়নি। জানা যাচ্ছে, চলতি বছর দুর্গাপুজোর আগেই হইচই-এর পর্দায় দেখা যাবে এই রহস্যে ঘেরা ওয়েব সিরিজটি। 

পরমব্রত কিছুদিন আগেই হইচই-তে কাজ করেছেন। তবে অভিনয় নয়, পরিচালনায় দেখা গিয়েছিল তাঁকে। কিছুদিন আগেই পরমব্রতর পরিচালনায় মুক্তি পেয়েছিল 'রক্ত ফলক'। এই সিরিজে বাংলার তন্ত্র ও মোহমায়ার এক অধরা দিক দেখা গিয়েছিল। গল্পে তান্ত্রিকের চরিত্রে ছিলেন অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অর্জুন চক্রবর্তী, কনিনীকা ব্যানার্জি ও মোহনা মাইতিকে। 

বহুদিন পর এই সিরিজ পরিচালনার মাধ্যমে হইচই-এ ফিরেছিলেন পরমব্রত। এবার ওটিটির পর্দায় অভিনয়ে ফিরছেন তিনি। কয়েকদিন আগে পায়েল অভিনীত 'অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' সিরিজের আকারে এসেছে জি ফাইভ বাংলায়। বড়পর্দার পর ওটিটিতে সিরিজ আকারে জয়ব্রত দাসের এই ছবি দেখছেন দর্শক মহল। তবে অনেকদিন অভিনয় থেকে দূরে জুন মালিয়া। অন্যদিকে, ভরত কলকেও ওটিটির পর্দায় খুব একটা বেশি দেখা যায় না। তবে এবার একসঙ্গে এই তারকারা কোন রহস্যের জালে জড়াবেন এখন সেটাই দেখার।