টলিউডে এখন প্রেম নয়, বিয়ের মরশুম। একের পর এক  তারকা ছাদনাতলায় যাচ্ছেন। এবার এই তালিকায় নাম লেখালেন 'কুসুম' ধারাবাহিক খ্যাত অভিনেত্রী পামেলা কাঞ্জিলাল। 

গত ৬ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন পামেলা কাঞ্জিলাল। কিন্তু সেই খবর এতদিন প্রচার পায়নি। নিকট আত্মীয়, বন্ধুদের উপস্থিতিতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী। 
বিয়ের দিন পামেলা কাঞ্জিলাল সাবেকি লাল বেনারসিতেই সেজেছিলেন। আটপৌরে শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ, সোনার গয়না, শোলার মুকুট, লাল ওড়নায় নজর কাড়েন তিনি। অভিনেত্রীর সিঁদুর দানের পরের ছবি প্রকাশ্যে এসেছে। বউভাতের দিন পরেছিলেন আইভরি রঙের হেভি এমব্রয়ডারি করা শাড়ি। 

এবার প্রশ্ন কাকে বিয়ে করলেন পামেলা? দীর্ঘ দিনের প্রেমিক অরিত্র কুণ্ডুর গলায় মালা দিয়েছেন অভিনেত্রী। তাঁদের এই বিশেষ দিনটি লাইমলাইটের থেকে দূরে রাখতে চেয়েছেন অভিনেত্রী। তবে তাঁর বিয়েতে 'কুসুম' ধারাবাহিকের একাধিক কলাকুশলীকে দেখা গিয়েছে। এসেছিলেন আর্য দাশগুপ্ত, তনিষ্কা তিওয়ারি, অঞ্জনা বসু , প্রমুখ। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'কুসুম' ধারাবাহিকে পামেলা দেবলীনার চরিত্রে অভিনয় করছেন। অর্থাৎ যার সঙ্গে আর্য দাশগুপ্ত অভিনীত চরিত্রটির বিয়ে হওয়ার কথা ছিল। যদিও সেই বিয়ে হয়নি কুসুম এবং আয়ুষ্মানের তৎপরতায়। এবার দেবলীনা সেই কারণেই বদলা নিচ্ছে কুসুমের থেকে। তার জন্য জোট বেঁধেছে আরও এক খলনায়িকা মেঘা। এই দুইয়ের ষড়যন্ত্রে নাজেহাল নায়িকা। ফলে গল্প এখন কোন দিকে এগোয় সেটাই দেখার!

প্রসঙ্গত, সদ্য প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, কুসুম আয়ুষ্মানকে ফোন করে বলে ব্যবসার যে কনফারেন্সে সে গিয়েছে সেখানে যেন উল্টোপাল্টা কিছু না খায়। আয়ুষের সঙ্গে কথা বলতে বলতেই কুসুমকে রাস্তায় ঘিরে ধরে একদল গুণ্ডা। তারা কুসুমকে দেখে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলে কটাক্ষ করতে থাকে। কুসুমের হাত ধরে টানাটানিও শুরু করতে থাকে। তখন কুসুম চিৎকারে ওঠে। কিন্তু ওই গুণ্ডাদের দল কুসুমের মুখে কালি ছিটিয়ে দেয়। কুসুম রাস্তায় বসে কাঁদতে থাকে‌। তার এই অবস্থা দেখে মেঘা হাসতে থাকে। মেঘা আড়ালে বলে, এভাবেই কুসুমকে বিভিন্ন সময়ে বিপদে ফেলবে সে। তাই যেন প্রস্তুত থাকে কুসুম। এই অবস্থায় কুসুমকে উদ্ধার করবে কে? সে কি অপমানের জবাব দিতে পারবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

জমে উঠেছে জি বাংলার ধারাবাহিক 'কুসুম'-এর গল্প। ইতিমধ্যেই মেঘার আসল রূপ সবার সামনে এসেছে। মেঘার সঙ্গে যে দেবলীনার যোগসূত্র রয়েছে তা এতদিনে পরিস্কার দর্শকের কাছে। কিন্তু মেঘাকে এখনও পর্যন্ত চিনতে পারেনি আয়ুষ্মানের পরিবার। তবে কুসুম তার আচরণ দেখে একটু একটু সন্দেহ করতে শুরু করেছে। এদিকে, মেঘার আসল লক্ষ্য কুসুম ও আয়ুষকে একসঙ্গে শেষ করে দেওয়া। তাই সে ছক কষতে থাকে।