বহু পরিচালকের কাছে বলিউডে ভাল কাজ করার স্বপ্ন মানেই এক অর্থে প্রথম সারির তারকার সঙ্গে ছবি করা। শাহরুখ খান বা অমিতাভ বচ্চন-এর সঙ্গে কাজ করা, বহু পরিচালক-চিত্রনাট্যকারের কাছে জীবনের এক বিরল সুযোগ। কিন্তু এই তারকাখচিত এই আকর্ষণ সেভাবে টানে না চিত্রনাট্যকার-পরিচালক সুদীপ শর্মা-কে। সুদীপ শর্মা অর্থাৎ ‘পাতাললোক’ এবং ‘কোহরা’-র মতো চূড়ান্ত সফল ও জনপ্রিয় সিরিজের লেখক-পরিচালক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টই জানালেন, অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান - এই দুই কিংবদন্তির সঙ্গে কাজ করার বিশেষ কোনও ইচ্ছে তাঁর কখনও ছিল না!
সুদীপের কথায়,“না, আমার কখনও সেই ইচ্ছে ছিল না। তাই সেই ধরনের কাজ করার চেষ্টাও করিনি। আমি এখানে কোনও নির্দিষ্ট তারকার সঙ্গে কাজ করতে আসিনি। আমি এসেছি নিজের গল্প বলার জন্য। যে ধরনের গল্প আমি দেখতে ভালবাসি, সেগুলোই বানাতে চাই।”
তিনি আরও বলেন, এ সুযোগ এলেও তা তাঁকে স্বস্তির বদলে চাপেই ফেলবে।“একজন তারকা মানেই পর্দায়, জনমানসে তাঁর একটা ইমেজ থাকে। তারপর সেই ইমেজ ঘিরে গল্প তৈরি করতে হয়। আমি সেটা জানি না। আমি চরিত্র লিখতে চাই, আর যে অভিনেতা অভিনয় করবেন, তিনি যেন চরিত্রে ডুবে যান, সেটাই চাই। ভক্তরা কী ভাববেন, স্টারডম কী প্রভাব ফেলবে... এসব ভাবার দায়িত্ব নিতে চাই না। অনেক সময় ছবির চেয়ে এসব নিয়েই বেশি আলোচনা হয়, আর তাতে আমার কোনও আগ্রহ নেই।”
সুদীপ শর্মার চিত্রনাট্যকার হিসেবে আত্মপ্রকাশ ‘এনএইচ টেন’ ছবির মাধ্যমে, যে ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা। বাস্তবের অনার কিলিং ঘটনাকে ভিত্তি করে তৈরি সেই ছবি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। এরপর তিনি লিখেছেন ‘উড়তা পাঞ্জাব’ এবং ‘সোনচিড়িয়া’-র চিত্রনাট্য ও সংলাপ। যদিও সমালোচকদের প্রশংসা মিললেও বক্স অফিসে ছবিগুলো বড় সাফল্য পায়নি। এরপর ওটিটি প্ল্যাটফর্মই এনে দেয় তাঁর প্রকৃত পরিচিতি। জনপ্রিয় সিরিজ ‘পাতাললোক’ এবং ‘কোহরা’-র স্রষ্টা ও লেখক সুদীপ। সম্প্রতি মুক্তি পাওয়া ‘কোহরা সিজন ২’-তেও তিনি সহ-পরিচালনার দায়িত্ব সামলেছেন।
সিরিজটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ সোবতি ও মোনা সিং, সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রণবিজয় সিংহা ও পূজা ভামরাহ। দর্শক ও সমালোচক - দুই মহলেই প্রশংসা পেয়েছে সিরিজটি। প্রথম সপ্তাহেই ১৬ লক্ষ ভিউ নিয়ে নন-ইংলিশ শো তালিকায় নেটফ্লিক্সের তালিকার সেরা ১০-এ জায়গা করে নিয়েছে এটি।
&t=313s
তারকার ঝলকানি নয়, গল্পের শক্তিতেই বিশ্বাস, সুদীপ শর্মার এই অবস্থানই হয়তো তাঁকে আলাদা করে দিয়েছে বর্তমান বিনোদন জগতের ভিড়ে।
