হলিউডের সবচেয়ে বড় সিনেমা উৎসবের মঞ্চ একেবারে প্রস্তুত। লাল কার্পেট পাতা হয়ে গেছে, আর গোটা বিশ্ব এখন তাকিয়ে রয়েছে একটাই অনুষ্ঠানের দিকে—অস্কার। এ বছরের অনুষ্ঠানে বাড়তি চমক যোগ করতে পুরস্কার ঘোষণার মঞ্চে উপস্থিত থাকবেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ২০২৬ সালের ১৫ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার-এ অনুষ্ঠিত হবে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। ২০২৫ সালের সেরা চলচ্চিত্র এবং সেই ছবিগুলির নির্মাতা ও শিল্পীদের সম্মান জানানো হবে।
এবার ভারত থেকে যারা অনুষ্ঠানটি সরাসরি দেখতে চান, তারা ডিজিটাল মাধ্যমে জিও হটস্টার-এ তা দেখতে পারবেন। সরাসরি সম্প্রচার শেষ হওয়ার পর এখানেই আবার অনুষ্ঠানটি দেখা যাবে। টেলিভিশন দর্শকদের জন্য অনুষ্ঠানটি দেখানো হবে স্টার মুভিজ, স্টার মুভিজ সিলেক্ট এবং কালার্স ইনফিনিটি চ্যানেলে।
ভারতীয় সময় অনুযায়ী ১৬ মার্চ ভোর ৩টা ৩০ মিনিটে শুরু হবে তারকাদের লাল কার্পেট পদচারণা। মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে ভোর ৪টা ৩০ মিনিটে। যারা তখন দেখতে পারবেন না, তাঁদের জন্য একই দিন রাত ৯টায় আবার সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। গত বছরের মতো এ বছরেরও অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা কোনান ও ব্রায়ান।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by The Academy (@theacademy)
মনোনয়নের দৌড়ে এবার সবচেয়ে এগিয়ে রয়েছে ছবি সিনার্স। ছবিটি একাই পেয়েছে ১৬টি মনোনয়ন, যা অস্কারের ইতিহাসে নতুন রেকর্ড। এর আগে সর্বোচ্চ ১৪টি মনোনয়নের রেকর্ড ছিল অল অ্যাবাউট ইভ, টাইটানিক এবং লা লা ল্যান্ড ছবির।
‘সিনার্স’ ছবিটি সেরা ছবি, সেরা অভিনেতা হিসেবে মাইকেল বি জর্ডান, সহ-অভিনেত্রী হিসেবে উন্মি মোসাকু, সহ-অভিনেতা হিসেবে ডেলরয় লিন্ডো এবং পরিচালনা ও চিত্রনাট্যের জন্য রায়ান কুগলার-সহ একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছে।
এর পরেই রয়েছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, পরিচালনা করেছেন পল থোমাস অ্যান্ডারসন। ছবিটি পেয়েছে ১৩টি মনোনয়ন। এছাড়া একাধিক বিভাগে পুরস্কারের দৌড়ে রয়েছে হ্যামনেট, সেন্টিমেন্টাল ভ্যালু এবং ফ্র্যাঙ্কেনস্টাইন।
সেরা ছবির লড়াইয়ে রয়েছে মোট ১০টি চলচ্চিত্র—সিনার্স, দ্য সিক্রেট এজেন্ট, ব্লু মুন, বিয়াগোনিয়া, এফ ওয়ান: দ্য মুভি, ফ্র্যাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, সেন্টিমেন্টাল ভ্যালু এবং ট্রেইন ড্রিমজ।
সেরা অভিনেতার বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন টিমোথি শ্যালামে, ওয়াগনার মৌরা, মাইকেল বি জর্ডান, লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং ইথান হক।
অন্যদিকে সেরা অভিনেত্রীর বিভাগে মনোনীত হয়েছেন জেসি বাকলি, রোসে বায়ার্ন, এম স্টোন, রেনে রেইস এবং কেট হাডসন।
এ বছরের অনুষ্ঠানে পুরস্কার ঘোষণার মঞ্চে আরও থাকবেন রবার্ট ডাওনি জুনিয়র., অ্যানে হ্যাথওয়ে, পল মেস্ক্যাল এবং গ্যানেথ প্যালট্রো-সহ একাধিক তারকা।
ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রিয়াঙ্কা চোপড়া। পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূত নির্মাতা গীতা গম্ভীর-ও এ বছর আলোচনায় রয়েছেন। তাঁর দুটি ছবি মনোনয়ন পেয়েছে—দ্য পারফেক্ট নেবার (সেরা তথ্যচিত্র বিভাগ) এবং দ্য ডেভিল ইজ বিজি (সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগ)।
সব মিলিয়ে, বিশ্ব সিনেমার সেরাদের সম্মান জানাতে আবারও প্রস্তুত অস্কারের মঞ্চ। আর সেই মঞ্চে ভারতের উপস্থিতি বাড়িয়ে দিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া, যা নিঃসন্দেহে ভারতীয় দর্শকদের জন্য গর্বের মুহূর্ত।