বিশ্ব সিনেমার সবচেয়ে বড় রাত—অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার ২০২৬। কিন্তু সেই জৌলুসের মাঝেই ভারতীয় দর্শকদের মনে রয়ে গেল এক বড় আক্ষেপ। কারণ কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র-র নাম দেখা গেল না অস্কারের ‘ইন মেমোরিয়াম’ অংশে।হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম এই আইকনকে বাদ পড়তে দেখে অনেকেই বিস্মিত। বিশেষ করে যখন এর আগেও অস্কারের মঞ্চে ভারতীয় চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে স্মরণ করা হয়েছে।

উদাহরণ হিসেবে বলা যায়, ২০২৪ সালে অস্কারের ‘ইন মেমোরিয়াম’ অংশে স্মরণ করা হয়েছিল শিল্প নির্দেশক নীতিন চন্দ্রকান্ত দেশাই-কে। ২০২১ সালের অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হয়েছিল অভিনেতা ইরফান খান এবং অস্কারজয়ী পোশাকশিল্পী ভানু অত্থাইয়া-কে। তারও আগে ২০১৮ সালের অস্কারে সম্মান জানানো হয়েছিল শ্রীদেবী ও শশী কাপুর-কে। এই ধারাবাহিকতার কারণেই অনেকেই আশা করেছিলেন, এ বছর ‘ইন মেমোরিয়াম’-এ ধর্মেন্দ্রর নাম থাকবে। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি। যদিও গত ফেব্রুয়ারিতে বাফটা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ধর্মেন্দ্রকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছিল।

ভারতীয় চলচ্চিত্রে ধর্মেন্দ্রর যাত্রা ছয় দশকেরও বেশি সময়ের। ছয়ের দশকে জনপ্রিয়তার শিখরে ওঠা এই অভিনেতা খুব দ্রুতই বলিউডের অন্যতম বড় তারকায় পরিণত হন। অ্যাকশন, মেলোড্রামা কিংবা কৌতুক—সব ধরনের চরিত্রেই তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে।

‘ফুল ঔর পাত্থর’, ‘অনুপমা’, ‘চুপকে চুপকে’, ‘সীতা ঔর গীতা’ কিংবা কালজয়ী ‘শোলে’, এই সব ছবিই তাঁর অভিনয় দক্ষতার প্রমাণ। ভারতীয় সিনেমায় তাঁর প্রভাব আজও স্পষ্ট, যা পরবর্তী প্রজন্মের বহু অভিনেতাকেও প্রভাবিত করেছে। আর এই কারণেই অস্কারের মতো আন্তর্জাতিক মঞ্চে তাঁর অনুপস্থিতি অনেক দর্শকের কাছেই বিস্ময়কর বলে মনে হয়েছে।

এ বছর অস্কারের ‘ইন মেমোরিয়াম’ অংশটি আরও বড় করা হয়েছিল। কারণ গত এক বছরে চলচ্চিত্র জগতের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের প্রয়াণ ঘটেছে। তবু টেলিভিশনে সম্প্রচারিত অংশে বেশ কয়েকটি নাম বাদ পড়েছে। এর মধ্যে রয়েছেন জেমস ভেন ডার বিক, এরিক ডেন, ম্যালকম জামাল ওয়ার্নার,রবার্ট ক্যারাডিন, জুন লকহার্ট , বাড কোর্ট এবং ব্রিজিট বার্ডট। তাঁদের মধ্যে 

কয়েকজনকে কেবলমাত্র অ্যাকাডেমির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। তবে বিতর্কের মাঝেও অনুষ্ঠানের ‘ইন মেমোরিয়াম’ অংশে একাধিক আবেগঘন মুহূর্ত দেখা গেছে। অভিনেতা বিলি ক্রিস্টাল স্মরণ করেছেন পরিচালক ও অভিনেতা রব রেইনার-কে। তাঁদের দীর্ঘ বন্ধুত্বের কথা তুলে ধরে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন।অভিনেত্রী ব়্যাচেল ম্যাক অ্যাডামস শ্রদ্ধা জানান ক্যাথারিন ও হারা এবংডিয়েন কিটন-কে। পাশাপাশি পর্দায় দেখানো হয় ভ্যাল কিলমার, রবার্ট ডুভাল এবং ডিয়েন ল্যাড-এর কাজের স্মরণীয় মুহূর্ত।

অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত আসে যখন কিংবদন্তি গায়িকা বারবারা স্রেইস্যান্ড তাঁর সহ-অভিনেতা রবার্ট রেডফোর্ড-কে স্মরণ করেন। ‘দ্য ওয়ে উই ওয়্যার’ ছবির সেই জনপ্রিয় গানের একটি অংশ গেয়ে তিনি শ্রদ্ধা জানান। তাঁর পরিবেশনায় দাঁড়িয়ে সম্মান জানায় গোটা প্রেক্ষাগৃহ।
সব মিলিয়ে, অস্কার ২০২৬ যেমন ছিল আবেগে ভরা, তেমনই কিছু সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্কও। ধর্মেন্দ্রর অনুপস্থিতি সেই বিতর্কের কেন্দ্রেই উঠে এসেছে।

 

&t=643s