পিনরিন ফিল্ম প্রোডাকশন এবং হোয়াইট হোল ক্রিয়েশনের যৌথ নিবেদনে আসছে নতুন বাংলা ছবি 'মায়া সত্য ভ্রম'। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার প্রকাশ্যে আসার পরই দর্শকদের মধ্যে শুরু হয়ে গেছে তীব্র জল্পনা। আধ্যাত্মিকতা, পরাবাস্তব রহস্য এবং কল্পবিজ্ঞানের এক ককটেলে  তৈরি এই ছবি পরিচালনা করেছেন শমীক রায় চৌধুরী। আগামী ২৮শে আগস্ট, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি।

পোস্টারে দেখা মিলেছে ছবির তিন মূল চরিত্র—এক শোকাতব্ধ নারী, এক আধ্যাত্মিক মরমী সাধক এবং এক পুলিশ অফিসারের। যাঁরা প্রত্যেকেই দাঁড়িয়ে রয়েছেন বিশ্বাস, যুক্তি এবং অজানার এক ক্রসব্রাডসে। চারপাশের ছায়ামূর্তি, রহস্যময় মহাজাগতিক ঘটনা এবং অদ্ভুত ল্যান্ডস্কেপ দর্শকদের মনে শিহরণ জাগাতে বাধ্য।

ছবিমুক্তির আগেই বিশ্বজুড়ে একাধিকপ্রথম সারির চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশন ও স্ক্রিনিংয়ের মাধ্যমে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে এই ছবি। বিশকেক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন, ইন্ডি ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড এবং থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের মতো মঞ্চে সমাদৃত হওয়ায় ছবিটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশার পাড় চড়ছে। 

 

 

ছবির প্রধানতিনটি  চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার, সোহম মজুমদার এবং সনৎ চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন— আলেকজান্দ্রা টেলর, পরান বন্দ্যোপাধ্যায়, দেবেশ রায়চৌধুরী, শুভ্রজিৎ দত্ত, শ্রেয়া ভট্টাচার্য, সৌম্য মজুমদার, শঙ্খদীপ বন্দ্যোপাধ্যায়, অলোক সান্যাল, রানা বসু ঠাকুর এবং পিন্টু নন্দী । ছবির ক্যামেরার দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ কোলে, সম্পাদনা করেছেন সংলাপ ভৌমিক এবং সঙ্গীত পরিচালনা করেছেন তমল কান্তি হালদার।

পরিচালক শমীক রায় চৌধুরী তাঁর ছবির বিষয় নিয়ে বলেন, "আমাদের সমাজে একই সঙ্গে ভক্তি, লোককথা এবং বাস্তবতার সহাবস্থান রয়েছে। যেখানে একজন সাধু কারও কাছে ভক্তির পাত্র, আবার কারও কাছে প্রতারক। একটি অলৌকিক ঘটনা কারও কাছে আধ্যাত্মিক অভিজ্ঞতা, আবার অন্য কারও কাছে নিছক মনস্তাত্ত্বিক ব্যাপার। নিশ্চিত ও অনিশ্চিতের এই ধূসর জায়গাতেই জন্ম নিয়েছে 'মায়া সত্য ভ্রম'।"