রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র আইপিএল ২০২৬  ট্রফি জয় ঘিরে যখন গোটা দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে তখনই নেটপাড়ার চর্চায় উঠে এলেন বলি অভিনেত্রী নুসরত ভরুচা। বিরাট কোহলি ও আরসিবি-র এই ঐতিহাসিক খেতাব জয় উদযাপন করতে যখন মজেছেন আপামর ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বলিউড তারকারা, ঠিক তখনই এক চরম বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এলেন বলিউড অভিনেত্রী নুসরত ভরুচা। আরসিবি-র জয়ের মুহূর্তের একটি তথাকথিত ‘ইনস্টাগ্রাম স্টোরি’র স্ক্রিন রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল জলঘোলা।

ভাইরাল হওয়া ওই স্ক্রিন ক্লিপটিতে দেখা যাচ্ছে, নুসরত ওঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আরসিবি-র ট্রফি জয়ের একটি ভিডিও ভাগ করেছেন। কিন্তু বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে একটি অত্যন্ত ‘অস্বস্তিকর ও আপত্তিকর শব্দ’ যুক্ত রয়েছে। যা নিমেষের মধ্যে ক্রিকেট ভক্ত এবং নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে এবং নিমেষেই তা ট্রোলিং ও সমালোচনার রূপ নেয়।

ভিডিওটি দাবানলের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর থেকেই তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। অনেকেই ধরে নেন যে আরসিবি-র সেলিব্রেশনের আবহে নুসরত হয়তো ভুলবশত এই অদ্ভুত অডিওটি পোস্ট করে ফেলেছেন। এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং নুসরত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, আগের ভাগ করে নেওয়া ভিডিওটির মধ্যে খারাপ বা বিতর্কের কিছু নেই। আসলে ভিডিও করার সময় ব্যাকগ্রাউন্ডে তাঁর বন্ধুর পোষ্য সারমেয় কাঁদছিল। এই কথাটি জানিয়েই নুসরত সব গুজবে ইতি টানলেন এবং ভিডিওটি নিয়ে তৈরি হওয়া সমস্ত ভুল বোঝাবুঝি এক নিমেষে দূর করে দিলেন। কিন্তু অভিনেত্রীর পক্ষ থেকে জবাব আসার পরেও এখনও নেটিজেনদের মধ্যে কাটাছেঁড়া চলছে তাঁর জবাবের সত্যতা নিয়ে।